বজলুল মজিদ চৌধুরী খসরু
বাসায় রং করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছরের বিরতি দিয়ে রং করা। আগে আমরা বলতাম চুনকাম। চুনকাম হচ্ছে চুন আর পানির সংমিশ্রণে এক ধরনের প্রলেপ দেওয়া। এখন কালার ব্যাংক আছে। মেশিনের সাহায্যে ইচ্ছে মত রং মানিয়ে নেওয়া যায়। ২০১২ তে ছেলের বিয়ের আগে একবার রং করলেও এর পরে আর হাত দেওয়া হয়নি। বাসার সবকিছু এলোমেলো। কোন জিনিষ সহজে খোঁজে পাওয়া যায় না। বিভিন্ন সময়ে তোলা ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবিগুলোকে হারিয়ে যেতে দিতে পারি না। ছবি দেখলেই স্মৃতির দরজা খুলে যায়। এই রকম একটা ছবি আমার হাতে আজ। ছবিটা তুলা ১৯৭১ সালে। শিলং শহরের বড় বাজারের ব্রমাইড ফটো স্টুডিও থেকে। আহারে সে দিন তোা আর আসবে না কিন্তু অনেক অব্যক্ত কথা, অনেক স্মৃতি ছলছল করছে আমার সামনে। ছবিটিতে আত্মপ্রচারবিমুখ মুক্তিযোদ্ধা মিনু ভাই আমার সাথে।
মিনু ভাই আমার বয়সে বড়। ছোটবেলায় তাকে দেখতাম আমাদের পাড়ায়। একদম ফিটফাট পরিপাটি একজন মানুষ। চুলগুলো ছিল স্বর্পিল। শীতের সময়ে হাতে বন্দুক নিয়ে বের হতেন। তবে কোন জায়গা-সম্পত্তি দখল করার জন্য নয়। পাখি শিকার করতে যেতেন এ হাওড় থেকে ঐ হাওড়ে। বাসায় কুকুর পোষতেন। তাও দেশীয় কুকুর নয় একদম কুমিল্লার সরাইল থেকে আনা কুকুর। পাহারাদার কুকুরগুলো ছিল মিনু ভাইর বন্ধুর মত। রাতে এই কুকুরগুলো ছেড়ে দিতেন। অচেনা অজানা মানুষ দেখলে কুকুরগুলো বুকে উঠে হা করে ধরে থাকত। এই কুকুরগুলোকে পাশ কাটিয়ে যাওয়া ছিল অসাধ্য সাধন। গভীর রাতে তাদের বাসার সামনের রাস্তায় কেউ অপ্রয়োজনে যাওয়ার সাহস পেত না। তাদের বাসার সামনে ছিল ভারতের উড়িষ্যা থেকে আসা মানব বসতি। আমরা বলতাম কুলি পট্টি। এই বসতির লোকজন ছিল তার পরমাত্মীয়। আর তারাও মিনু মামা বলতে অজ্ঞান। বসতির কৃষ্ণা নামে একটি ছেলে ছিল মিনু ভাইর সব সময়ের সাথী। কৃষ্ণা দিনে রিকসা চালাত আর রাতে মিনু ভাইকে সঙ্গ দিত। সুনামগঞ্জ শহরে যখন ঘুড়ি ওড়ানোর জন্য যুবক বুড়ো সবাই নাটাই আর ঘুড়ি নিয়ে দৌঁড়াদৌড়ি করতেন তখন মিনু ভাইর ঘুড়ি উড়ত বুক টান টান করে। সবাই তাকিয়ে থাকতো তার ঘুড়ির প্যাচ দেখার জন্য। খুব সখ করে রাতের বন্ধু কৃষ্ণাকে নিয়ে নাটাইর সুতোতে মাঞ্জা দিতেন। মাঞ্জা হচ্ছে সুতোকে সান দেওয়ার আঞ্চলিক নাম। মিনু ভাইর ঘুড়িকে প্যাচ খেলে কাটা ছিল এক অসাধ্য ব্যপার। মোরগের লড়াই খেলার জন্য বাবার কত টাকা মিনু ভাই খুইয়েছেন তার ইয়ত্তা নাই। শিকারি মোরগ আনার জন্য এক শহর থেকে আরেক শহরে যেতেন। মোরগকে কোলে নিয়ে লড়াই খেলতে যেতেন। তার মোরগটা হেরে গেল এক সপ্তাহ তার সাথে কথা বলা যেত না। মাছ শিকার করা ছিল তার আরেক শখ। সারা দিন বরশি নিয়ে নিজের পুকুরে বা পৌরসভার পুকুরে বসে থাকতেন চন্ডীদাসের মত। সাথে থাকত চা খাওয়ার ফ্লাক্স, ভাল বিস্কুট । বরশি দিয়ে মাছ ধরা দেখার দর্শকদের চা খাইয়ে আনন্দ পেতেন মিনু ভাই। স্বচ্ছল পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন একদম সহজ সরল প্রকৃতির। মানুষের বিপদে আপদে এগিয়ে যেতেন। হাসপাতাল, গোরস্থান আর শশ্মানে কতবার যে তিনি গেছেন তা গুনে শেষ করা যাবে না।
১৯৬৭ সালে আমি সুনামগঞ্জ কলেজে ভর্তি হই। আর সে বছরই কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মিনু ভাই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া) থেকে নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়ন (মতিয়া) পুরো প্যানেল বিজয় অর্জন করে। প্যানেলের বিজয় মিছিলে সেদিন মিনু ভাইর আব্বাকে দেখেছিলাম ফুলের মালা দিয়ে বিজয়ীদের বরণ করতে। কতটুকা স্নেহ, মমতা, ভালবাসা ছিল তার এই ছেলেটার জন্য। কলেজে যাওয়ার পরই মিনু ভাইর সাথে একটু আধটু আলাপ। তবুও দূরত্ব ছিল অনেক। চেনা জানা তো অনেক আগেই। আমাদের বাসার পাশেই আসতেন ভালবাসার টানে। এই প্রেম সুনামগঞ্জ শহরের সবাইর জানা ছিল। প্রেমিক অন্তর নিয়ে নিজেকে বিলিয়ে দিতেন। রাজনৈতিক ভাবে সচেতন থাকলেও কোন সক্রিয় নেতৃত্বে ছিলেন না। মানুষের বিপদ আপদে সাহায্য করাই ছিল তার নেশা। একাত্তরে এই মানুষটি সম্পূর্ণভাবে নিজেকে বদলে নেন। আমার মনে আছে ২৮ মার্চ ১৯৭১ সালে বাঙালি ক্যাপ্টেন মাহবুব এর নেতৃত্বে একদল মানুষ শিকারি হায়েনারা সুনামগঞ্জে আসে। তারা এসেই সমস্ত শহরে কারফিউ জারি করে। সেই উত্তাল দিনে একটি রিকসাতে মাইক বেধে দুই তরুণ বেরিয়ে গেলেন। একজন ছাত্রলীগের সাব্বির আর অন্যজন ছাত্র ইউনিয়নের মিনু ভাই। মাইকে তারা প্রচার করছেন এই অবৈধ কারফিউ মানা হবে না। এই রকম দিনে এই প্রচারের পরিণাম কি হতে পারে সেটা তোয়াক্কা করেননি। মার্চ, এপ্রিল মাসেই শহরটা ফাঁকা হয়ে যায়। অনেকেই চলে যান শরণার্থী হয়ে ভারতে আবার অনেকেই নিজেদের আত্মীয় স্বজনের সাথে গ্রামে। সুনামগঞ্জটা তখন ভুতুরে শহর। গোটা ত্রিশ চল্লিশ জন যুবক আর মু্িক্তযুদ্ধের সংগঠকরা শহরে। এই সময়ে মিনু ভ্ইার বাসায় রাত কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। সেই থেকেই আরো কাছ থেকে এই মহান মানুষটিকে দেখার সুযোগ হয়েছে। এক সময় পাকিস্তানি সেনাবাহিনী পুরো শহর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আবার দেখা হয় আগষ্টের শেষ দিকে মিনু ভাইর সাথে ভারতের বালাটে। বন্ধু মোসাদ্দেকের আম্মা বালাটে আসার খবর জানতে পেরে আমি আর মোসাদ্দেক সেলা থেকে প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে এসেছিলাম বালাটে। আমি যখন সেলাতে ফেরত আসি মিনু ভাই তখন আমার সাথী হয়েছেন। তিনি বালাটে না থেকে সেলাতে যাবেন এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধে অংশ নিবেন। কিছুটা জটিলতা থাকলেও আমার বিশ্বাস ছিল সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হেলালকে বললে হয়তো তিনি মিনু ভাইকে রাখতে না করবেন না এবং সেটা করেছিলেন তিনি। অফিস আদেশ দিয়ে বলেছিলেন তাকে আমাদের সাব সেক্টরে আত্মীকরণ করা হল। ৭১ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধারা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি দখল করে নেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে ছাতক যুদ্ধের কথাটা প্রচার হয়েছিল জোরে শোরে। এই যুদ্ধে মিনু ভাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনদিন সিমেন্ট ফ্যাক্টরি দখলে থাকলেও পরে বিভিন্ন কারণে সেটা ধরে রাখা যায়নি। আমাদের অনেক গোলাবারুদ, অস্ত্র খোয়া গেছে। ক্যাপ্টেন হেলাল আমাকে আদেশ করলেন শিলং যাওয়ার জন্য। উনার অফিস আদেশ নিয়ে যেতে হবে সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলীর বাংলাদেশ মিশনের অফিসে তারপর ১০১ কমিউনিকেশন জোনসের হেড কোয়ার্টারে। বললাম মিনু ভাইকে সাথে দিয়ে দেন। অনুমতি মিলল। বাঁশতলা থেকে সেলা এসে দেখা করলাম বিএসএফের ক্যাপ্টেন চট্টপধ্যায়ের সাথে। তার কাছ থেকে শিলং যাওয়ার অনুমতিপত্র নিলাম। অচেনা পথ, অজানা পাড়ি। গাড়িতেই দেখা শিলচরের এক সাংবাদিকের সাথে। তিনি এসেছিলেন ছাতক যুদ্ধের খবর সংগ্রহ করতে। আমাদেরকে পেয়ে আরো জানতে চাইলেন । তার কাছ থেকেই খবর নিলাম পুলিশ বাজারে অনেক হোটেল আছে। তবে সানি হোটেলে পীর হাবিবুর রহমান এবং বরুণ রায় থাকেন। হোটেলটার ভাড়াও কম। পীর হাবিবুর রহমানের সাথে দেখা হয়েছে কয়েকবার তবে বরুণদার বিরুদ্ধে হুলিয়া থাকায় তার সাথে দেখা হয়নি। আমরা গিয়ে উঠলাম সানি হোটেলে। রাতটা কাটিয়ে সকালে পুলিশ বাজারের একটি রেস্টুরেন্টে নাস্তা করে বেরিয়েছি শহর দেখতে। আমি খেয়াল করলাম একজন লোক আমাদের অনুসরণ করছে। বিষয়টা আমি খেয়াল করলেও মিনু ভাই খেয়াল করেননি। আমরা যে গলি দিয়ে যাই সেই গলিতেই লোকটা আসছে। শিলং শহরটা এমনি পাহাড়ি। বেশিক্ষণ হাঁটাও যায় না। সমতল না থাকয় হাঁটার গতি সবসময় একভাবে রাখা যায় না। এক সময় লোকটি এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। মিনুভাইর হাতটা ধরে বলছে ‘এই তুই মিনু নারে’ । অনেকক্ষণ তাকিয়ে মিনু ভাই বলছেন ও কনা দা। কনা দা মানে আমাদের তপন দা। উকিলপাড়ার স্বর্গীয় হেমচন্দ্র চৌধুরী মোক্তার বাবুর ভাতিজা। আমরা মুক্তিযুদ্ধে আছি এখানে অস্ত্র নিতে এসেছি এটা যেন একটা বিরাট ব্যাপার। আমরা যেন বিশ্ব জয় করেছি। একেকটা দোকানে নিয়ে ঢুকছেন আর আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। টার্কিস গেঞ্জি, জিনসের প্যান্ট কিনে দেওয়া, হোটেলে খাওয়ানো তারপরে সিনেমা হলে নিয়ে দীলিপ কুমারের গোপি সিনেমা দেখা। সারাটি দিন যেন কাটছে একটা আমুদে ফুর্তিতে। এক সময় বললেন আয় একটা ছবি তুলে ফেলি। ব্রমাইড ফটো স্টুডিওতে নিয়ে ছবি তোলা। মাঝে থাকলেন তপন দা আর দুই পাশে তার প্রিয় দুই মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর তপন দা এই ছবিটি পাঠিয়েছিলেন আমাদের দেওয়ার জন্য। আজকে অনেকদিন পর আবার ছবিটি দেখে স্মৃতিতে আসছে সেই দিনগুলি।
স্বাধীনতা যুদ্ধ শেষ মিনু ভাই আবার চলে গেলেন নিজের পরিমন্ডলে। মুক্তিযোদ্ধা ছিলেন, জীবন বাজী রেখে শত্রুর মোকাবিলা করেছেন সেটা সুনামগঞ্জের অনেকেই জানতো না। নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকায় আছে কিনা সেটা নিয়ে কোনদিন ভাবেননি। গভীর দেশপ্রেম ছিল বলেই বাবা. মা, ভাই বোন কাউকে কিছু না বলেই চলে গেছেন যুদ্ধে। যুদ্ধ পরবর্তী জীবন কাটে বেকারত্বে। এক সময় নিজের বাসায় পরবাসি হয়ে যান। থাকতেন হোটেলে , ভাড়া বাড়িতে। কেউ জানল না। কি কারণে এই মানুষটি বিত্ত বৈভব হারিয়ে ভাড়া বাসায় বাস করছেন। আবার তিনিও তার অব্যক্ত বেদনার কথা কাউকে বলেননি। প্রেমিক অন্তর নেপথ্যচারী মুক্তিযোদ্ধা মিনু ভাই অকৃতদারই রয়ে গেলেন। ২০০৫ সালের ৭ নভেম্বর মাত্র ৬১ বছর বয়সে এই বিশাল মনের মানুষটি না ফেরার দেশে চলে গেলেন।
লেখক: মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী ও উপদেষ্টা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর।