- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৃত্যু ভয়ঙ্কর বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা অপরিহার্য ছিল

অবশেষে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন সরকার।  আমরা নিজেদের সীমিত পরিসরে এই দাবি জানিয়ে আসছিলাম গত চার বছর যাবৎ। সেই ধর্মপাশার সরস্বতিপুর গ্রামের মসজিদে বজ্রপাতে একসাথে তের ব্যক্তির মৃত্যুর পর থেকেই দৈনিক সুনামগঞ্জের খবর সংবাদ পরিবেশনা ও সম্পাদকীয় মন্তব্যে বার বার এই দাবি জানিয়ে আসছে ধারাবাহিকভাবে। শেষ পর্যন্ত এটি অর্জিত হওয়া দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতিরূপে বিবেচিত হবে। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগে যত মৃত্যু ঘটে তন্মধ্যে বজ্রপাতে মৃত্যুর ঘটনাই সর্বাধিক। এবং এটি প্রতিবছরই বর্ষা মওসুমে নিয়মিত ঘটে থাকে। বজ্রপাত আমাদের দেশে নতুন নয়। সবসময়ই এই প্রাকৃতিক দুর্যোগটি ছিল। কিন্তু বিগত দশকখানেক যাবৎ এর ভয়াবহতা মাত্রা ছাড়িয়েছে। এই এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে অতীতে কখনও এই হারে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেনি। হঠাৎ করে বজ্রপাত কেন এত মৃত্যুভয়ঙ্কর হয়ে উঠল তার বৈজ্ঞানিক কারণ উদঘাটন অনেক বেশি জরুরি। সাধারণভাবে বলা হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন তথা শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রতিক্রিয়ায় এরকমটি হতে পারে। মঙ্গলবার সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করার যে প্রেক্ষাপট বর্ণনা করেছেন সেখানেও এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়টি সামনে আনা হয়েছে। এখন সরকারের দায়িত্ব এই দাবির স্বপক্ষে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত হাজির করে বৈশ্বিক ফোরামে উপস্থাপন করা। তাহলে বিশ্ব জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণের ন্যায্য হিস্যা আদায়ে সহায়ক হবে।
বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করার পর সরকারকে এখন ব্যাপক কর্মকা- শুরু করতে হবে। বৈজ্ঞানিক কারণ উদঘাটনের পাশাপাশি এ থেকে সাধারণ মানুষ কী উপায়ে পরিত্রাণ পেতে পারে সর্বোপরি এর ক্ষয়ক্ষতি কীভাবে সর্বনি¤œ পর্যায়ে নামিয়ে আনা যায় তার পদ্ধতি উদ্ভাবন করতে হবে। জনগণকে ব্যাপকভাবে সচেতন করতে হবে। বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। প্রতিবছর দেশের নানা প্রান্তে বজ্রপাতে কত সংখ্যক লোক নিহত-আহত হচ্ছেন তার সঠিক তথ্যভা-ার তৈরি করতে হবে । অভিজ্ঞতায় আমরা দেখেছি গত কয়েক বছর যাবৎ প্রতিবছর সুনামগঞ্জসহ ভাটি অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাতজনিত মৃত্যুর ঘটনা ঘটলেও জাতীয় প্রচার মাধ্যমে এ নিয়ে যথাযথ ফোকাস ঘটেনি। এবার যখন দুইদিনে ৮২ জনের মৃত্যুর ঘটনা জাতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার হলো তখনই কেবল সরকারের টনক নড়লো। আগে থেকেই যদি এ সংক্রান্ত তথ্যভা-ার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত থাকতো তাহলে আমাদের বিশ্বাস আরও আগেই বিষয়টি জাতীয় দৃষ্টি আকর্ষণে সক্ষম হতো।
বৈশ্বিক জলবায়ু তহবিলের ব্যবহার নিয়ে নানা কথাবার্তা চালু আছে। বিভিন্ন বেসরকারি সংগঠন এই তহবিল ব্যবহার করতে ভীষণভাবে আগ্রহী। কিন্তু এই সব সংগঠন পরিবেশ উন্নয়নে কী ধরনের টেকসই কাজ করছেন তার কোন প্রভাব জনগণের কাছে প্রতিভাত হয় না। এদের বহু কাজ প্রচারসর্বস্ব এবং নানা ভ্রান্তিতে পরিপূর্ণ। বৈশ্বিক তহবিলের এমন অপচয় রোধ করে এর কার্যকর সদ্ব্যব্যবহার নিশ্চিত করাও তাই সমান জরুরি। মনে রাখা দরকার বজ্রপাতে নিহত ব্যক্তিদের মধ্যে, বিরল ব্যতিক্রম বাদে প্রায় শতভাগই নিভৃত পল্লীবাসী এবং একেবারেই সাধারণ মানুষ। এদের কেউ চাষী, কেউ জেলে বা খেটেখাওয়া মানুষ। এদের মৃত্যুতে এক একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। সুতরাং এইসব হতভাগ্য পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়ে যাওয়া বিশ্বসম্প্রদায়ের অবশ্য কর্তব্য। এই কর্তব্য বিচ্যুত হওয়া মানে সভ্যতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা।
সরকারকে আমরা অভিনন্দন জানাই দেরিতে হলেও একটি ক্রমশ মূর্তমান আতংক হয়ে উঠা প্রাকৃতিক দুর্যোগকে গুরুত্ব দেওয়ার জন্য। একই সাথে প্রত্যাশা ব্যক্ত করছি এর পরবর্তী ধাপগুলো দক্ষতার সাথে বাস্তবায়নের।

  • [১]