- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেডিকেল কলেজের স্থান নিয়ে পৌর মেয়রের মতবিনিময়

আল আমিন
মেডিকেল কলেজের স্থান নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা করেছেন পৌরমেয়র আয়ূব বখ্ত জগলুল। শনিবার বিকাল সাড়ে ৫টায় পৌরসভার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন,‘সুনামগঞ্জের ১৬ লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ ও হাসপাতালের।  আমরা আশা করেছিলাম মেডিকেল কলেজের মাধ্যমে এই হাওরাঞ্চলের মানুষ তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন যখন হলো, তখন এর স্থান নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়েছি। আমরা আজকে শক্ত কথা বলব না, যেহেতু আমাদের জেলায় একজন প্রতিমন্ত্রী আছেন। তিনি এই মেডিকেল কলেজ হওয়ার ব্যাপারে বেশি  সহযোগিতা     
করেছেন, আমরা আশা করি তিনি সকলের স্বার্থের কথা চিন্তা করবেন।’
তিনি বলেন, আমরা চাই সবার মধ্যে থেকে যে সিদ্ধান্ত হবে, প্রথমে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে এটি  নিয়ে আলোচনা করবো। আজ আমি দুইবার টেলিফোন করেছি, তিনি টেলিফোন ধরেন নি। তারপরও আমরা ওনার সাথে কথা বলতে পারি। এরপর সিদ্ধান্ত নিব কী করবো। আমরা সুনামগঞ্জবাসী কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। আমরা যতদূর জেনেছি বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজ শহরের আশেপাশে হয়েছে। আমরা আশা করব মাননীয় মন্ত্রী আমাদের মানুষের দাবি মেনে  নেবেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি অ্যাড.সৈয়দ শামছুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সনাক সভাপতি নুরুর রব চৌধুরী, অ্যাড. চান মিয়া,  অ্যাড. শেরেনূর আলী, অ্যাড.শুকুর আলী, জেলা পরিষদ সদস্য দাউদ পীর, কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, কাউন্সিলার হোসেন আহমদ রাসেল, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, অ্যাড.রুবেল আহমদ জেলা যুবদল নেতা সুহেল আহমদ প্রমুখ।
সভায় মেডিকেল কলেজের জন্য বিজিবি’র উল্টোদিকে এবং নতুন জেলের উল্টোদিকে হতে স্থান নির্ধারণের প্রস্তাব করা হয়।

  • [১]