- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মণকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার
মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মণকে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রণয় বর্মণের হাতে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রণয় বর্মণ বলেন, তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। এসময় তার বাবা নারায়ন বর্মণও উপস্থিত ছিলেন। সহায়তার জন্য জেলা প্রশাসক এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণ বর্মণ।
তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণ ও মনি বর্মণের দুই ছেলে ও এক মেয়ে। বড় মেয়েটির বিয়ে দিয়েছেন। স্বামী নারায়ণ চন্দ্র বর্মণ হাওরে মাছ ধরার কাজ করেন। দুজনের ঘাম ঝরানো শ্রমে জীবিকা চলে ৪ জনের সংসারের। দরিদ্রতাকে জয় করে ছেলে প্রণয় বর্মণ এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৩৬ নম্বরে স্থান পাওয়ায় স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।
মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মণ জানায়, তারা এক বোন ও দুই ভাই। ছোট ভাই সূর্য্য বর্মন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী এবং মাতা মনি বর্মণ পাথর শ্রমিক।
২০১৮ সালে তাহিরপুর উপজেলার তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০২০ সালে সিলেট সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
প্রণয়ের এই সাফল্যের সংবাদ দৈনিক সুনামগঞ্জের খবর এ ‘আঁধারচিরে স্বপ্নজয়’ শিরোনামে ছাপা হয়।

  • [১]