স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় তাহিরপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে মেধা সম্পন্ন জাতি গঠন করতে হলে মাদকমুক্ত দেশ গঠন করতে হবে। তিনি বলেন এক সময় গাঁজা খোররা গাঁজা খেলে আশপাশে গন্ধে ভরে যেতো, সহজেই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হতো। কিন্তু ইয়াবা যারা সেবন করে, তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে, সহজে চিহ্নিত হরা যায় না। সেক্ষেত্রে পুলিশ বাহিনীকে আরো তৎপর হতে হবে। ইয়াবার কারণে দেশের যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে যেন কেউ বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে তাহিরপুর থানা পুলিশকে আরো তৎপর হতে বলেন তিনি। তিনি বলেন, তীর কেটে বালু উত্তোলনের কারণে নদীর তীরের গ্রামগুলো যেন ধ্বংসের কবলে না পড়ে।
এছাড়াও সম্প্রতি রসুলপুর গ্রামে দু’টি খুনের ঘটনায় গ্রামের নীরিহ মানুষের নিরাপত্তার বিষয়ে নজরদারি রাখার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেন।
তাহিপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার’র সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।