এনামুল হক জুবের
সদর উপজেলা নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রথম নারী প্রার্থী হয়েছেন জাহানারা বেগম নান্না। তিনি গৌরারং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন আরও ৭জন পুরুষ সদস্য। টুকেরগাঁও, হাসনাবাদ, ইনাতনগর, হোসেনপুর ও মনমতেরচর গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ডটি। নারী ও পুরুষ মিলে রয়েছেন ২৭৮৫জন ভোটার।
৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে নারীর নায্য অধিকার প্রতিষ্ঠায় লড়াই হবে প্রার্থীদের মধ্যে। অন্যান্য বারের তুলনায় নারী ভোটারদের ভোট প্রয়োগেও ইতিবাচক সাড়া পড়বে ভোটরদের মধ্যে।
মঙ্গলবার বিকালে কথা হয় ইউপি সাধারণ সদস্য (মেম্বার) পদের প্রার্থী জাহানারা বেগম নান্নার সাথে। তিনি বলেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে ইউপি’র সাধারণ সদস্য পদে
আমি প্রার্থী হয়েছি। ইউপি’র সংরক্ষিত নারী আসনের সদস্যরা বরাদ্দের সমবণ্টন থেকে বঞ্চিত হয়ে আসছেন। বরাদ্দ বণ্টনে নারী-পুরুষের বৈষম্য দুরীকরণে আমার ভূমিকা থাকবে প্রকট। প্রায় পাঁচ বছর আগে থেকে এলাকায় গরীব-দুখি মানুষের সেবা করে আসছি।
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে আমার উন্নয়ন অবহেলিত এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশনের সমস্যা নিরসন, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, প্রতিবন্দ্বী ভাতা, বিধবা ভাতার কার্ড বণ্টনে দুর্নীতি প্রতিরোধসহ এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন করবো। সর্বোপরি জনগণের উন্নত জীবনজীবীকা বিনির্মাণের পরিকল্পনা হবে আমার প্রধান কাজ।’
পারিবারিক অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বামী সিএনজি গাড়ির মালিক এবং নিজে ড্রাইভার। ৪ জনের সংসারে আছে ছেলে ও মেয়ে। মেয়ে ৪র্থ শ্রেণীতে পড়ে এবং ছেলে প্রথম শ্রেণীতে। বাড়ি টুকেরগাঁও একই গ্রামেই বৈবাহিক সূত্রে বন্ধন।’
নান্না স্থানীয় মৌচাকের ৭টি সংগঠনের সভানেত্রী, অপরাজিতা সংগঠনের সদস্য, ইরা-শরীক সংগঠনের সদস্য পদে আছেন তিনি। ইতিপূর্বে ইউপি সদস্য ছিলেন তাঁর বাবা সফর আলী।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খাঁন বলেন, ‘সদর উপজেলার ৯ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০৬জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে নারী একজন।’