স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘গত ৮ বছরে দেশের চিত্র বদলে গেছে। প্রত্যন্ত এলাকায় পাল্লা দিয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। এক সময় গ্রামাঞ্চলে মেয়ে শিক্ষার্থীর হার ছিল কম। এখন এই চিত্র বদলে গেছে। মেয়েরা শিক্ষা-দীক্ষায় ভাল করছে। প্রতিযোগিতায় সামনের কাতারে থাকছে তারা।’
বৃহস্পতিবার সাতক্ষীরার তালা উপজেলায় কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থীদের
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,‘আমি শুনে অভিভূত হয়েছি সীমান্তের অজপাড়া গাঁয়ের এই এলাকায় একটি মহিলা ডিগ্রি কলেজে ২০০০ শিক্ষার্থী পড়াশুনা করছে। ৮ টি বিষয়ে অনার্স এবং একটি বিষয়ে মাস্টার্স চালু রয়েছে। এটি বাংলাদেশের অগ্রগতির উদাহরণ’। তিনি কলেজের উন্নয়নের বিষয়ে তাঁর অবস্থান থেকে সহায়তার আশ্বাস দেন।
সাবেক সংসদ সদস্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ্, জেলা প্রশাসক মহিউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলম প্রমুখ।