জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আরিয়ান (৭) নামের এই শিশু জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের উত্তর ইকড়ছই এলাকার বাসিন্দা হারুন মিয়ার সাত বছরের ছেলে আরিয়ান মিয়া সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়। ইকড়ছই এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের এলাকায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে উঠামাত্র সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের সজিব উদ্দিন (২৩) ও সায়মন হোসেন (১৯) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ জানান, মোটরসাইকেল ধাক্কায় প্রাণ হারানোর শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক মোটরসাইকেল আরোহী দুই যুবক পুলিশ হেফাজতে আছেন।