- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোল্লাপাড়া ইউনিয়নে দুর্নীতির টাকা দোষীদের নিকট থেকে আদায় সম্ভব হবে কি?

সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থ বছরের একটি কাজে অনিয়মের বিষয় উদঘাটিত হয় নিরীক্ষায়। ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারে রিং স্ল্যাব বিতরণ প্রকল্পে অনিয়ম সংঘটনের বিষয়টি উঠে আসে নিরীক্ষা প্রতিবেদনে। নিরীক্ষায় ওই প্রকল্পে বরাদ্দকৃত ১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার মন্তব্য করা হয়। প্রকল্প কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এই আপত্তি উত্থাপিত হয়েছিল। নিরীক্ষা আপত্তির অর্থ ফেরত না দেয়ায় মোল্লাপাড়া ইউনিয়নে চলতি অর্থবছরের উন্নয়ন কাজের বরাদ্দ ১৪ লাখ টাকা আটকে রাখা হয়। গত বৃহস্পতিবার এই খবর দৈনিক সুনামগঞ্জে প্রকাশের পর ওইদিনই মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সংবাদের তথ্য অনুসারে দোষী ব্যক্তিরা ওই টাকা জমা দেননি। জমা দেওয়া হয়েছে পরিষদের পক্ষ থেকে। পরিষদ এই টাকা কীভাবে কোত্থেকে পেলেন সে তথ্য জানা না গেলেও অনুমিত হয় চলতি অর্থ বছরের ১৪ লাখ টাকা পাওয়ার জন্য পরিষদ আপাতত ‘ম্যানেজ’ করে ১ লাখ টাকা জমা করে দিয়েছেন। এই অর্থ জমা দেওয়ার মাধ্যমে কথিত দুর্নীতি ঘটনার সাথে জড়িতদের কোন শাস্তি লাভ হলো না। সুতরাং নিরীক্ষার মূল উদ্দেশ্য এখানে শতভাগ ব্যর্থতায় পর্যবষিত হয়েছে বলে ধরে নেওয়া অসংগত হবে না।
অভিজ্ঞতায় বুঝা যায়, ২০১৩-১৪ সনে আত্মসাতকৃত ১ লাখ টাকা যা বৃহস্পতিবার সরকারি কোষাগারে জমা হয়েছে, সেটি শেষ পর্যন্ত কোন ব্যক্তি বিশেষের পকেট থেকে খরচ হবে না। এটি হয়তো নতুন বরাদ্দ ১৪ লাখ টাকা থেকেই সাশ্রয় করা হবে। অর্থাৎ একটি দুর্নীতির আপত্তি মিমাংসা করতে হয়তোবা আরেকটি দুর্নীতিই সংঘটিত হবে। তবে এর মধ্যে যদি দোষীদের নিকট থেকে টাকা আদায় করা সম্ভব হয় তাহলে হয়তো শেষ রক্ষা হলেও হতে পারে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দাতাগোষ্ঠী, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কী করেন।
সরকারি নিরীক্ষা নিয়েও আমাদের দেশে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত সরকারি কাজে নানা অনিয়ম-দুর্নীতির খবরাখবর পাওয়া গেলের নিরীক্ষা প্রতিবেদনে এর ক্ষুদ্রাংশও উঠে আসে না। অর্থ দিয়ে ‘অডিটকে ম্যানেজ’ করার একটি সংস্কৃতি আমাদের প্রশাসনিক জগতে প্রচলিত আছে। এই সংস্কৃতির মধ্যেও যখন অন্তত একটি অনিয়মের খবর উদঘাটিত হলো তখন সকলের দায়িত্ব ছিল এর যথাযথ প্রতিকার করা। কিন্তু এখানেও যদি শাক দিয়ে মাছ ঢাকার মতো ঘটনা ঘটে তাহলে বিষয়টি হবে নিতান্তই দুঃখজনক। মোল্লাপাড়া ইউনিয়নের ক্ষুদ্র একটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে আমাদের এত কথা বলার অর্থ হলো সর্বত্র সুশাসনের লক্ষণ জাগ্রত করার একটি ইচ্ছা মাত্র। নাগরিক হিসাবে আমরা শুধু নিজেদের অভিপ্রায়টুকু জানাতেই পারি। কিন্তু এটি নিশ্চিত করার কোন ব্যবস্থাই আমাদের হাতে নেই। এটি রয়েছে যাদের হাতে তারা যতক্ষণ শুভবুদ্ধি দ্বারা তাড়িত না হবেন ততক্ষণ অবস্থার ইতিবাচক পরিবর্তন আশা করা যাবে না।
মোল্লাপাড়া ইউনিয়নে নতুন পরিষদ নির্বাচিত হয়েছে। তাঁরা অচিরেই দায়িত্ব গ্রহণ করবেন। আমরা আশা করব নতুন পরিষদ পুরানো নিয়মের বেড়াজালে বন্দী না হয়ে উদাহরণ তৈরি করার জায়গায় নিজেদের অধিষ্ঠিত করবেন। শুধু মোল্লাপাড়া নয় সব ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেই আমাদের একই  অভিপ্রায়। নতুনকে মানুষ নতুন আশায় নতুন ভরসায় দেখতে চায়। নতুন সর্বদাই পরিবর্তনের সূচনা করে। এই সত্যের শক্তি বুকে ধারণ করে ইউনিয়ন পরিষদগুলো তৃণমূলের মানুষের কল্যাণকারী প্রতিষ্ঠানে পরিণত হোক এই আমাদের কামনা।

  • [১]