আকরাম উদ্দিন
তফসিল ঘোষণার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা নানাভাবে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ভোটাররাও তাঁদের অধিকার পূরণে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিকে সমর্থন দেবে, এমন ভাবনায় রয়েছেন।
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন গ্রামে গিয়ে উঠান বৈঠক করে প্রার্থীতা জানান দিচ্ছেন এবং ভোটারদের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছেন। হাট-বাজার ও দোকানপাটে চলছে তাদের প্রচারণার নানা কৌশল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও প্রার্থীরা সম্পর্ক জোরদার করছেন। সেই সাথে সরকারী সুবিধা প্রদানের এবং পাড়ার রাস্তা-ঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক। আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু ও মোহাম্মদ মাইনুল্লাহ। বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেলাল আহমদ জুয়েল, মো. আব্দুল কাইয়ুম, মো. মশিউর রহমান রাসেল। ইসলামী শাসনতন্ত্রের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ফয়েজুন নুর ফয়েজও প্রচারণায় আছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণায় আছেন মোহাম্মদ আলী।
আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি একসময় সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলাম। এরপর জেলা যুবলীগে যোগদান করি। বর্তমানে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। এবার জনগণের ভালবাসা নিয়ে পিছিয়ে পড়া মোহনপুর ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সাথে সম্পৃক্ত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয় ভোটার সাব্বির আহমদ সেলিম বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হচ্ছেন, তাঁরা অনেক আগে থেকে এলাকায় প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা স্থানীয় দোকানপাটে বেশ আলোচনার ঝড় তোলেছেন। তবে এবার আমরা সৎ, যোগ্য, শিক্ষিত ও দায়িত্বশীল রাজনীতি ব্যক্তিত্বের ব্যক্তিকে নির্বাচিত করার চিন্তায় আছি।
অপর ভোটার মো. আবুল কাশেম বলেন, সম্ভাব্য প্রার্থী হিসাবে এখন যাদের নাম শুনে আসছি। তারা সবাই যদি প্রার্থী হন, এদের মধ্য থেকে একজন সৎ, শিক্ষিত, নির্লোভ ব্যক্তিত্ব চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করব।
মোহনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, আমি জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে আসছি। বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমি ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময়ের দুর্যোগে আমি সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে নির্বাচিত হলে ইউনিয়নের অবশিষ্ট উন্নয়ন কাজ শেষ করব এবং একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব।