স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হকের বিরুদ্ধে হাওরের ফসলহারা প্রান্তিক কৃষকের বিশেষ ভিজিএফ বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের রীতা বেগম ও রেজমিনা বেগম। জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তার হাতে এই অভিযোগপত্র তুলে দেন সুবিধাবঞ্চিত এই দুই নারী।
অভিযোগ উল্লেখ করা হয়, গত এপ্রিল মাস থেকে হাওরের ক্ষুদ্র, প্রান্তিক ও হতদরিদ্র কৃষকদেরকে সরকার ভিজিএফ সহায়তা দিয়ে আসছেন। ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক এ পর্যন্ত ৫ বার বরাদ্দ বিতরণ করলেও প্রতি বারই ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি ৫ বার ভিজিএফ বরাদ্দ নিলেও তালিকাভূক্তদের অনেককে দুইবারের বেশি সহায়তা বিতরণ করেন নি।
রিক্তা বেগম ও রেজমিনা বেগম অভিযোগে উল্লেখ করেন যে, গত ৩ অক্টোবর অনেককে সহায়তা বিতরণ করলেও তালিকাভূক্ত থাকা সত্বেও তাদেরকে কোন সহায়তা দেননি। তারা বরাদ্দ চাইলে বলা হয়, নাম কেটে দেওয়া হয়েছে।
এ ব্যপারে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, অভিযোগ পাবার পর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ পত্রের আলোকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।