স্টাফ রিপোর্টার
সন্ধানী ডোনার ক্লাব সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দু মিয়া ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম রব্বানী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. সালেহ আহমদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. এনাম আহমদ, ইজাজুল হক চৌধুরী, শাহরিয়ার আহমদ রিগেন প্রমুখ। সভায় বক্তারা দুই ক্ষণজন্মা ব্যক্তিত্বের যাপিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই দুই জন সমাজসেবায় যে উদাহরণ সৃষ্টি করে গেছেন তা নতুন প্রজন্ম অনুসরণ করলে সমাজে তারা সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। শিক্ষক হিসেবে আব্দু মিয়া স্যার ছিলেন অতুলনীয়। সব সময় শিক্ষার্থীদের খোঁজ খবর রাখতেন। তিনি ছিলেন শহরে শিক্ষার্থীরে প্রকৃত অভিভাবক। অপরদিকে মরহুম অ্যাড. গোলাম রব্বানী সাধারণ মানুষকে আইনগত সহায়তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
সভায় এই দুই জন ক্ষণজন্মা ব্যক্তির রুহের শান্তি কামনা করা হয়।