- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৌলভীবাজারের আত্মগোপনকারী ব্যবসায়ী সুনামগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার শহরের ব্যবসায়ী মাফিক মিয়াকে (৫৫) নিখোঁজের ৪ দিন পর সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টায় সুনামগঞ্জ শহরের একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  ব্যবসায়ী মাফিক মিয়া মৌলভীবাজার-সিলেট রোডস্থ মাশা আল্লাহ মা ভান্ডারের স্বত্ত্বাধিকারী। তিনি সদর উপজেলার নিতেশ্বর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মফিক মিয়া ব্যবসার জন্য শহরের বিভিন্ন ব্যাংক থেকে ১ কোটি টাকার ঋণ গ্রহণ করেন। প্রতিদিন তাকে ১১ হাজার টাকার কিস্তি প্রদান করতে হয়। এ অবস্থায় পারিবার ও দোকানের কর্মচারীদের খরচ চালানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিভিন্ন ব্যাংকের পাওনা টাকার কারণে তিনি আত্মগোপন করেন।
এ ব্যাপারে মফিক মিয়া বলেন, গত ৯ এপ্রিল শ্রীমঙ্গল রিপন ট্রেডার্সের হালখাতায় ১০ লক্ষ পাওনা টাকা দেওয়ার কথা ছিল। এ সময় আমার কাছে কোন টাকা না থাকায় আমি ভারসাম্যহীন হয়ে পড়ি। হালখাতায় টাকা দিতে শ্রীমঙ্গল যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়াসনগর বাজারে নেমে এখান থেকে বাসে সিলেট হয়ে সুনামগঞ্জ চলে যাই। সেখানে গিয়ে একটি হোটেলে উঠি।
তিনি আরো বলেন,‘আমার ৭ মেয়ে ও ২ ছেলের লেখাপড়া ও পরিবারের খরচ চালানো এখন আমার পক্ষে সম্ভব নয়। কিভাবে প্রতিদিন ১১ হাজার টাকা কিস্তি পরিশোধ করব। কোন উপায় না পেয়ে আমি আত্মগোপনে চলে যাই।
গত ৯ এপ্রিল ঘটনার দিন রাত তার পরিবারের সদস্যরা মৌলভীবাজার মডেল থানায় জিডি করলে পুলিশ তার ব্যবহৃত মোবাইলে ট্র্যাকিংয়ের মাধ্যমে ৪ দিন পর সুনামগঞ্জ থেকে তাকে উদ্ধার করে। মৌলভী বাজার মডেল থানার এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান পরিচালনা করে।

  • [১]