লোকসংস্কৃতির শহুরে চর্চা বাড়ছে। বছরব্যাপী বিভিন্ন শহরের সাংস্কৃতিক কেন্দ্রগুলো নানা কর্মসূচীতে ভরপুর থাকে। শহরের নাগরিক সমাজ এর মধ্য দিয়ে বিনোদন গ্রহণের পাশাপাশি মননশীলতার জায়গায়ও কিছু ভাল উপাদান খুঁজে পাচ্ছেন। কিন্তু একটি দেশের জনগোষ্ঠী শুধু শহরে বাস করেন না। বরং বলা ভাল শহরে বাস করেন অল্পসংখ্যক মানুষ। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বাস গ্রামাঞ্চলে। সেই গ্রামাঞ্চলে সংস্কৃতি চর্চার কী অবস্থা তার একটি চিত্র সর্বসাধারণ্যে আসা উচিৎ বলে আমরা মনে করি। বিশেষ করে দেশ যখন এক ধরনের আদর্শিক সংকটের জায়গায়, মৌলবাদের নানামুখী বিস্তার যখন ক্রমবর্ধনশীল তখন এই আলোচনা আরও জরুরি। ব্যক্তি মানুষের রুচি ও অভ্যাস তৈরিতে সংস্কৃতির প্রভাব সবচাইতে বেশি। মানুষের আচরণগত ক্রিয়া-প্রতিক্রিয়ার ভিত্তি হলো তার মস্তিস্কে গৃহিত সংস্কৃতির নির্যাস। বলা বাহুল্য গ্রামের যেসব ঐতিহ্যবাহী উপাদান তথা সমৃদ্ধ লোকসংস্কৃতি ব্যবহারের মধ্য দিয়ে শহরবাসী প্রতিনিয়ত পরিশীলিত হচ্ছেন খোদ গ্রাম বাংলায় আজ তা নিতান্ত অবহেলিত, উপেক্ষিত এবং বর্জনীয়। গ্রামে বক্ষণশীলতা ক্রমশ বাড়ছে। রক্ষণশীলতার প্রভাব পড়ছে সমাজদেহে নানাভাবে। এর বিপরীতে তথাকথিত দেশীয় সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যে বিনোদন জগত তৈরি করা হয় গ্রামাঞ্চলে মাঝেমধ্যে, সেখানে থাকে অপসংস্কৃতির বাড়বাড়ন্ত, থাকে নেশা ও জুয়ার সবিশেষ আয়োজন। এক উৎকট প্রতিকূল পরিবেশে আমাদের গ্রামীণ জীবনধারা আজ আবর্তিত হচ্ছে। দেশের যারা চিন্তক, যারা মানুষ ও মানুষের মননশীলতাকে প্রগতিমুখী করে গড়ে তুলতে অভিপ্রায়ী যারা মানুষের অন্তর্গত শক্তিকে বিশ্বকল্যাণে ব্যবহারে উদগ্রীব তাদের অবশ্যই গ্রামীণ সংস্কৃতির পটভূমিকে যাবতীয় কলুষতা মুক্ত করার দায়িত্ব নিতে হবে। নতুবা এই জাতি এই দেশ আদর্শিক সংকটের যে চোরাগর্তে পতিত হবে সেখান থেকে উদ্ধার পাওয়া কঠিন হয়ে যাবে।
আগে গ্রামে যেসব নির্মল বিনোদন ব্যবস্থা যেমন গ্রামীণ খেলা, যাত্রাপালা, জারি-সারি গান, নৌকাবাইচ, পুঁথিপাঠের আয়োজন ছিলো কালের পরিক্রমায় সেগুলো আজ নির্বাসিত। পুনরুজ্জীবন ঘটাতে হবে সেগুলোর। আদি রূপে নয়, সেখানে লাগবে আধুনিকতার ছোঁয়া। থাকবে না মন্দ উপসর্গ। এখন গ্রামীণ মেলা বলতেই যেখানে মদ ও জুয়ার আসর বুঝায় মেলাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে হবে। যাত্রামঞ্চকে করতে হবে শালীন ও কলুষতামুক্ত। গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে সংস্কৃতি চর্চার এক একটি শক্তিশালী কেন্দ্র। সরকার পৃষ্ঠপোষকতা করবেন কিন্তু আয়োজনগুলো চলবে স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সামাজিক অংশগ্রহণের মধ্য দিয়ে। ভাটি অঞ্চলে বর্ষা মৌসুমে যখন থাকে অখ- অবসর সেই সময়ে গ্রামে গ্রামে সংস্কৃতিকেন্দ্রগুলো যাতে সরব হতে পারে সেজন্য নিতে হবে পরিকল্পনা। একটি শক্তিশালী ও কার্যকর সাংস্কৃতিক জাগরণ যখন ঘটবে তখন খারাপ বহু উপসর্গ সমাজদেহ থেকে দূরিভূত হবে।
সংস্কৃতির স্থানীয় উপাদানগুলোর বিকাশে রাষ্ট্রকে নিরন্তর কাজ করে যেতে হবে। যেসব খ্যাত-অখ্যাত লোককবিদের সৃষ্টি নিয়ে আমরা সুনামগঞ্জবাসী উল্লাস প্রকাশ করি তাদেরকে লালন ও পৃষ্ঠপোষকতার জায়গায় আরও আন্তরিক হওয়া প্রয়োজন। যেকোন মেকিত্বপনা সৃষ্টির মূল সৌন্দর্য ও কাঠামোকে নষ্ট করে দেয়। আজ আমরা গ্রামীণ সংস্কৃতির যে শহুরে সংস্করণ চালু করেছি তা কতটুকু মৌলিক আর কতটুকু আরোপিত সেই বিচার বিশ্লেষণের দায়িত্ব নিতে হবে কাউকে না কাউকে। উচ্ছ্বাস, আবেগ আর আতিশয্যকে সংযমের বেড়ি পড়িয়ে আসুন সকলে স্বসংস্কৃতিকে লালন করি আর সমৃদ্ধ করি নিজেদের অন্তর্লোককে। সংস্কৃতির আয়নায় নিজেদের চেহারা দেখে নিজেকে চেনাই হলো আত্মজাগরণের মূলমন্ত্র।