স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ্ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে এই উপলক্ষে উপজেলা পরিষদ পুকুর ও দেখার হাওরে ৩৭৪ কেজি পোনা মাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্।
এসময় তিনি বলেন, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের ৪র্থ স্থানে আছে। বাংলাদেশে মৎস্য উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। মৎস্য খাতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস প্রমুখ।