স্টাফ রিপোর্টার
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না ঢাকা থেকে ফোনে বার বার থানার ওসিকে লাশের ময়নাতদন্ত করার জন্য অনুরোধ জানিয়ে ছিলেন, গ্রামের গণমান্যরাও লাশ ময়নাতদন্তের অনুরোধ করেন। কিন্তু পুলিশ এবং পুলিশের সঙ্গে থাকা একজন সাবেক জনপ্রতিনিধি লাশের ময়না তদন্ত করতে নিরোৎসাহিত করলেন নিহতদের স্বজনদেরকে। গ্রামের সচিন্দ্র সরকার জানালেন,‘আমরা সকলে বলেছি লাশ পোস্ট মোর্টেমের জন্য। কিন্তু পুলিশের সঙ্গে আসা কয়েকজন বলছিলেন- ‘তোমরা দরিদ্র মানুষ, সুনামগঞ্জে নিয়ে এই মরা মানুষদের কাটা ছেড়া করাবে, তোমাদের টাকাও খরচ যাবে, কষ্টও আরো বাড়বে’।
গ্রামের সমাজকর্মী মিন্টু তালুকদার বলেন,‘৪ জন মানুষ পল্লী বিদ্যুতের ঠিকাদারসহ সংশ্লিষ্টদের অবহেলায় মারা গেছে, কোন বিচারই হবে না, এটি হতে পারে না। লাশের ময়নাতদন্ত হওয়া প্রয়োজন। ওসি সাহেবকে এই অনুরোধ করলে- তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে বেয়াদব বলে ধমক দেয় এবং বলে, তুমি চিনো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? পরে আমি সরে এসেছি’।
মধ্যনগর থানার ওসি মো. মাজাহারুল হক বলেন,‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ কেউ জানাতে চায়নি। আমি কাউকে ধমকও দেইনি’। পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারের ৪ টি ফেইজ একসঙ্গে এবং দুটি আলাদা দেখেছেন বলে জানালেন ওসি মাজাহারুল হক।
গ্রামবাসী জানালেন,ঘটনাস্থল থেকে ফেরার সময় পল্লী বিদ্যুতের লোকজন এবং থানা পুলিশের সদস্যরা লাশের সৎকারের কথা বলে এক সঙ্গেই গ্রাম ছাড়েন।
বিকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ নিহতের সৎকার করার জন্য ২৫০০ টাকা করে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।