- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যতদিন প্রয়োজন ত্রাণ তৎপরতা চালানো হবে—কোস্টগার্ড মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন, উদ্ধার এবং ত্রাণ তৎপরতা একইসঙ্গে চালাচ্ছে কোস্টগার্ড। যতদিন প্রয়োজন বন্যার্তদের পাশে থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালিয়ে যাবে। তিনি বলেন, যদি সরকার মনে করেন, সুনামগঞ্জে কোস্টগার্ড প্রয়োজন তাহলে আমরা অবশ্যই জোন করবো। সরকারের নির্দেশনা পেলে সুনামগঞ্জে কোস্ট গার্ডের বোট ও জনবল নিয়োগ দেয়া হবে।
রোববার বেলা সাড়ে ১১ টায় বন্যা কবলিত সুনামগঞ্জ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে বনার্তদের মধ্যে কোস্টগার্ডের পক্ষে ত্রাণ বিতরণ করেন। এসময় প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ বোতলজাত পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, সবাই জানেন বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। যখন সিলেট এবং সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় কোস্টগার্ড নিয়োগের নির্দেশ হয়, তখন কোস্টগার্ড বোট ও যন্ত্রপাতি নিয়ে দ্রুততম সময়ে কাজে লেগেছে।
ত্রাণ বিতরণকালে মহাপরিচালকের সাথে কোস্টগার্ডের লে. কমান্ডার সোহেল মোল্লা, লে. কমান্ডার ফাহিম, লে. কাজী আকিব আরাফাত, কোস্টগার্ড গোয়েন্দা ইয়াকুবসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • [১]