জগন্নাথপুর অফিস
যাকাতের টাকায় জগন্নাথপুরের কাঠাঁলখাই-নয়াববন্দর সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে এ সড়কে কোনো সংস্কার কাজ না হওয়ায় অবশেষে প্রবাসীদের দেওয়া যাকাতের টাকা দিয়ে এলাকাবাসী সংস্কার কাজ শুরু করেছেন। শনিবার থেকে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, ওই সড়কে অনেক দিন যাবত কোনো সংস্কার কাজ না হওয়ায় যানচলাচল অনুপযোগি হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অবশেষে আশারকান্দি ইউনিয়নের কয়েকজন প্রবাসীর নিকট থেকে আসন্ন ঈদের যাকাতের কিছু টাকা দিয়ে রাস্তায় কাজ শুরু করা
হয়।
সড়কে কাজের দায়িত্ব থাকা আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবেদ চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত এ সড়কে কোন কাজ না হওয়ায় করুণ অবস্থা বিরাজ করছে। এলাকাবাসীর কষ্ট লাঘবে আমাদের ইউনিয়নের কয়েকজন লন্ডন প্রবাসীর নিকট যাকাতের কিছু টাকা দাবি করি। প্রবাসিরা ৫০ হাজার টাকা দিয়েছেন সড়কের কাজের জন্য। এ টাকা দিয়ে আমরা সড়কের ৪ কিলোমিটার রাস্তায় ইট ফেলে ছোট বড় গর্ত সহ খানাখন্দ ভরাটের কাজ শুরু করেছি। এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভবেরবাজার-কাটালখাইড়-নয়াবন্দর সড়কে ৫ কিলোমিটার কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরে আমরা তাকে বাতিল করে দেই। এর বিরুদ্ধে ঠিকাদার হাইর্কোটে মামলা করে রায় নিয়ে ৩ মাসের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আবারও কাজ বন্ধ করে দেয়। সড়কের কাজটি মামলা জটিলতায় আটকে আছে।