দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে একযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ- সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সুলতান উদ্দিন (২৫) দক্ষিণ সুনামগঞ্জ উপজলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আনর উদ্দিনের ছেলে। নিহত সুলতান উদ্দিন সিলেটে বেকারী শ্রমিকের কাজ করেন। সিলেট থেকে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে বিরতিহীন যাত্রীবাহী বাস মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় সুনামগঞ্জের উদ্দেশ্য আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। এসময় ১০ যাত্রী আহত হয়। আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ এক যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জয়কলস গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোছা. রুকিয়া বেগম বলেন, মঙ্গলবার সকালে আমি ঘটনাস্থলের পাশেই একটি দোকানে ছিলাম। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস জয়কলস গ্রামের উত্তর পাশে মুক্তিযোদ্ধা ভাষ্কার্যের সামনে পৌছলে পিছন দিক থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ পাশের খালে পড়ে যায়। একজন যাত্রী লাফ দিয়ে বাস থেকে বের হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধর বলেন, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বিরতিহীন যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে গেলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহত যাত্রীর পরিচয় জানা যায় নি। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।