স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযানে আটককৃত ৪০ হাজার ঘনফুট বালু প্রকাশ্য নিলাম ডাকে প্রায় ১১ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় জব্দকৃত বালু উন্মুক্ত নিলাম ডাকের মাধ্যমে শেষ হয়।
শুক্রবার দিনব্যপী টাস্কফোর্স এর অভিযানে যাদুকাটা নদী ঘাগড়া এলাকায় নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট মো. রায়হান কবির।
উন্মূক্ত নিলামে অংশ নিয়ে প্রতি ঘনফুট বালু ১৯.৫০ টাকা দরে কিনে নেন স্থানীয় বালু ব্যবসায়ী সোহাগ মিয়া। সরকারি ভ্যাট ট্যাক্সসহ বালুর মূল্য আসে ১০ লাখ ৯ হাজার টাকার ১২৫ টাকা।
এছাড়া অভিযানে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ১৮টি নৌকা জব্দ করে প্রতি নৌকাকে ১০ হাজার টাকা জড়িমানা করে সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
টাস্কফোর্সের এ অভিযানে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, লাউড়েরগড় বিওপি’র হাবিলদার মোহাম্মদ মাহবুব।