সু.খবর ডেস্ক
দেশের সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতিতে যুক্ত বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ কারণে দুর্নীতি নির্মূল করা কঠিন বলে মনে করেন তিনি। তবে মুহিত এও মনে করেন যে, যাদের হাতে ক্ষমতা থাকে তারাই বেশি দুর্নীতি করে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুদক হটলাইন (১০৬) উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।
দুর্নীতির বিষয়ে তথ্য জানাতে টোল ফ্রি এই নম্বরটি চালু করেছে দুর্নীতি দমন কমিশন। তথ্যদাতাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। তবে যেসব অভিযোগ দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত কেবল সেগুলোই গ্রহণ করবে কমিশন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। সবাই যদি নিমজ্জিত না থাকত তাহলে এত দুর্নীতি হতো না। যদি এতে সবাই অংশ না নেয় তাহলে দুর্নীতি হয় কীভাবে?’
‘যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে’- এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি আগে ছিল না। এটা একটা গোপনীয়তার মধ্যে ছিল। একটু শরমের বিষয় ছিল।’
দুর্নীতি সহসাই নির্মূল করা সম্ভব নয় জানিয়ে এক দশকের মধ্যে দুর্নীতির মাত্রা অনেক কমে আসবে আশার কথা বলেন মুহিত। বলেন, ‘সরকারি চাকরিজীবীরা আগে চিন্তুা করত, কীভাবে দুইবেলা খাবারের ব্যবস্থা করা যায়। এখন কিন্তু বলা যেতে পারে সরকারি বেতন মানে সুন্দর জীবন যাপন। সাধারণ মানুষেরও অবস্থার পরিবর্তন হচ্ছে। দুর্নীতি যে করতে হবে না, মানসিকতায় এমন পরিবর্তন হচ্ছে। আমি আশাবাদী আট থেকে ১০ বছর পর এই অবস্থার পরিবর্তন হয়ে যাবে।’
আধুনিক তথ্য প্রযুক্তিই দুর্নীতি ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। বলেন, ‘প্রযুক্তি দুর্নীতি দমনে অনেক সুযোগ করে দিয়েছে। প্রযুক্তির সদ্ব্যবহার দুর্নীতি কমিয়ে দিতে সহায়তা করবে। সরকারের বিভিন্ন টেন্ডারসহ অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে দুর্নীতিতে কমিয়ে আনার সুযোগ রয়েছে।’
দুর্নীতি দমনের চেষ্টায় বিপ্লবী বক্তব্য না দিয়ে কাজ করে যেতে চান মুহিত। বলেন, ‘দুদকের এক প্রাক্তন চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবেন বলে ঘোষণা করেছেন। জেহাদের ভবিষ্যত সব সময় অন্ধকার হয়। কারণ জেহাদ একটি অন্য জিনিস। অব্যশ্যই ধর্মে যুদ্ধে এসব ছিল, এখন আর নাই। জেহাদের নাম নিয়ে কোনো পরিবর্তন হয় না।’
মুহিত বলেন, ‘তদন্ত নিয়ে একটি বক্তব্য আছে, তদন্ত করবেন ভালো কথা। কিন্তু তবে জিহাদি হবেন না। জিহাদি হলে তদন্তের কোয়ালিটি নষ্ট হয়ে যায়।’
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদও এ সময় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা যারা রক্ষক হিসেবে আছি, তারাই ভক্ষক হিসেবে অবতীর্ণ হই। এই প্রয়াস বন্ধ হওয়া চাই।’
জনগণের অংশগ্রহণ না থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘জনগণের সরাসরি অংশগ্রহণের জন্য হটলাইন-১০৬ খোলা হয়েছে। এতে যে কোনো ব্যক্তি দুর্নীতির ঘটনা ঘটার আগে ও পরে অভিযোগ করতে পারবেন। এর ফলে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারব।’
‘এই হটলাইন খোলার মাধ্যমে দুদকের সাথে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপন হলো’-বলেও মন্তব্য করেন দুদক প্রধান।
হটলাইন উদ্বোধনের পরপরই অনুষ্ঠান থেকে অর্থমন্ত্রী দুদকের কলসেন্টারে ফোন দিয়ে কথা বলেন।
দুদক কমিশনার (অনুসন্ধান) নাসির উদ্দিন, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদক সচিব আবু মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।