- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যানজটে নাকাল সুনামগঞ্জবাসী- শহরে বিকল্প সড়কের দাবি

বিশেষ প্রতিনিধি
একটি মাত্র সড়ক দিয়ে শহরে প্রবেশ এবং বের হবার কারণে যানজটে নাকাল হয়ে ওঠছেন সুনামগঞ্জবাসী। এজন্য শহরবাসী বিকল্প সড়ক করার দাবি তুলেছেন।
গত ৩০ জুলাই সুনামগঞ্জের সন্তান পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী’র সুধী সমাবেশে সুনামগঞ্জ শহর এবং শহরবাসীকে রক্ষা করতে শহরে প্রবেশ এবং বের হবার জন্য একটি বিকল্প সড়ক করা এবং নদী ভাঙন রোধকল্পে ব্যবস্থা গ্রহণ জরুরি উল্লেখ করে বক্তব্য দেবার পর বিকল্প সড়কের দাবি জোড়ালো হচ্ছে।
সুনামগঞ্জ পৌরসভা, সুরমার উত্তর পাড়ের ৩ ইউনিয়নবাসী এবং শহরতলির প্রায় ৩ লাখ মানুষের সুনামগঞ্জ পৌর এলাকায় একটি যাতায়াত সড়ক। শহর থেকে বের হয়ে রাজধানী ঢাকাসহ যে কোন স্থানে যেতে হলে একটি সড়কই ব্যবহার করতে হবে। একারণে সম্প্রতি সবসময় যানজট লেগে থাকে সুনামগঞ্জ শহরের ডিএস           
রোড থেকে আলফাত স্কয়ার, মেজর ইকবাল সড়ক, পুরাতন বাসস্টেশন থেকে নতুন বাসস্টেশন পর্যন্ত। এই অবস্থায় বিকল্প সড়ক করার দাবি ওঠেছে সুনামগঞ্জের দায়িত্বশীল মহল থেকেই।
সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন,‘আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেনসহ এলজিইডি’র আরটিআইপি’র পিডি’র সঙ্গে দেখা করে বলেছিলাম,‘সুনামগঞ্জ-সিলেট সড়কের চেকনিখাড়া থেকে কালীপুর গ্রামের পূর্বদিক ঘেষে ঝাওয়ার হাওরের বাঁধ হয়ে বিকল্প সড়কটি হাছননগর- বেতগঞ্জ সড়কের শিশু পল্লী’র পাশে গিয়ে সংযুক্ত হবে। পরে ওখান থেকে এটি সুনামগঞ্জ-আমবাড়ী সড়কের সঙ্গে যুক্ত হবার প্রস্তাব দিয়েছিলাম আমি। এই সড়কটি হলে শহরের যানজট কমবে। ভবিষ্যতে সুরমার উত্তর পাড়ের মানুষ, আমবাড়ী, মাইজবাড়ী, ধারারগাঁওসহ ঐ অঞ্চলের মানুষ শহর থেকে বের হতে বা প্রবেশ করতে শহরের মূল সড়ক ব্যবহার করবেন না। তাতে যানজট কমে আসবে। ভবিষ্যতের জন্য ভাল হবে।’sunamgonj-pic-janjot-2
শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘ডলুরায় শুল্কস্টেশন হচ্ছে, ধারারগাঁও-হালুয়ারঘাট বা এর কিছুটা পূর্বদিকে সুরমায় সেতু হতে পারে। সেক্ষেত্রে শহরের অভ্যন্তরীণ সড়ক মানুষের চাপ সামলাতে পারবে না। এখনই আমরা যানজটে নাকাল। সেহেতু নতুন বাসস্টেশন থেকে একটি সড়ক মোহাম্মদপুর-আমবাড়ী সড়কের সঙ্গে যুক্ত হলে এবং সুনামগঞ্জ-ছাতক সড়ককে যান চলাচলের উপযোগী রাখলে মানুষের ভোগান্তি থাকবে না।’
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশরফ হোসেন বলেন,‘২০০৯ সালে তখনকার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু এবং আমি এলজিইডি’র আরটিআইপি’র পিডি’র কাছে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছিলাম চেকনিখাড়া থেকে আমবাড়ী সড়কে যুক্ত করে সুনামগঞ্জ শহরে বিকল্প সড়ক তৈরি করার। এই বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব কাউকে দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত মত হচ্ছে, একটি জেলা শহরে প্রবেশ এবং বের হবার জন্য একাধিক সড়ক থাকা জরুরি। তাহলে যানজট কমবে। ট্রাফিক কন্ট্রোলে সুবিধা হবে। দুর্ঘটনা কমবে।’
সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন,‘ডলুরায় শুল্কবন্দর হবার জন্য কাজ চলছে। সেক্ষেত্রে প্রধান সড়কের উপর আরো চাপ বেড়ে যাবে। শুল্কবন্দর এবং হালুয়ারঘাটে সেতু হবার আগেই বিকল্প সড়ক জরুরি।’
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন, ‘সুনামগঞ্জ শহরের জন্য একটি বিকল্প সড়ক এখন সময়ের দাবি। চেকনিখাড়া থেকে মোহাম্মদপুর বা আমবাড়ী’র সড়কের সঙ্গে এটি যুক্ত হতে পারে। সড়কটি হলে বিপুল সংখ্যক মানুষের শহর থেকে বের হওয়া ও ঢুকার বিকল্প সড়ক হবে। জাতীয়ভাবে যারা সুনামগঞ্জের কৃতী মানুষ রয়েছেন, তাঁদের কাছে আমি এই বিষয়ে সহায়তা চাইবো।’

  • [১]