স্টাফ রিপোর্টার
শহরে প্রবেশকারী বেশিরভাগ মানুষ যানবাহনে চলাচলের সময় মাস্ক ব্যবহার করছেন না। এই কারণে সচেতন মানুষের মধ্যে করোনা সংক্রমণের আতংক দিন দিন বেড়েই চলেছে। শহরের বিভিন্ন এলাকার ফেরিঘাট, সেলুঘাট, বাসস্টেশন এবং লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার দাবি সচেতনমহলের।
শহরের নতুন ও পুরাতন বাসস্টেশন, সাহেববাড়ি সেলুঘাট, চাঁদনীঘাট ফেরি, জেল রোড ফেরি, জুবিলী স্কুল এলাকার ফেরি, লঞ্চঘাটের পন্টুন এলাকা, বালুরমাঠের সেলুঘাট, ধারারগাঁও এলাকার হালুয়ারঘাট ফেরি, কাইমতর গোদারগাঁও ফেরিতে যাতায়াতকারী যাত্রীরা মাস্ক ব্যবহার করেন না। এমনকি শহরে চলাচলকারী অটোরিকসা, সিএনজি ও রিক্শার যাত্রীর বেশিরভাগ মাস্ক ব্যবহার করছেন না। রবিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। এসব যানবাহনের চালকরাও মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।
বালুরমাঠ এলাকার সেলু নৌকার যাত্রী বুরহান উদ্দিন চৌধুরী বলেন, এই সেলু নৌকায় শুধুমাত্র আমিই মাস্ক ব্যবহার করে হালুয়ারঘাট থেকে শহরে এসেছি। শহরে উঠে ২-১ জনে মাস্ক ব্যবহার করতে দেখেছি। এতে আমাদের মনে করোনা আতংক বাড়ছে।
জেলরোড এলাকার ফেরি পার হয়ে শহরে আসা যাত্রী শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ফেরি পারাপারের সময় আমি অবাক হই, একটা যাত্রীও মাস্ক ব্যবহার করতে দেখা যায় না। মাস্কের কথা বলেও কোনো লাভ হয় না। সবাই মাস্ক পকেটে রেখে দেন। শহরে উঠে পুলিশ দেখলে কেউ কেউ মাস্ক ব্যবহার করেন।
বুড়িস্থল থেকে শহরে আসা বরকত মিয়া বলেন, আমি প্রতিদিন শহরে মাছ বিক্রি করতে আসি। কিচেন মার্কেটে অনেকেই মাস্ক ব্যবহার না করে বেচাকেনা করেন। এই কিচেন মার্কেটে আসতে ভয় জাগে আমার। এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।