স্টাফ রিপোর্টার
শহরে চলাচলকারী সিএনজি, লেগুনা, অটোরিক্সায় ধূমপানের প্রবণতা বাড়ছে। ধূমপানে অতিষ্ঠ হয়ে উঠছেন যাত্রীরা। বেশিরভাগ অল্প বয়সী চালক ও যাত্রীরা এখন যানবাহনে বসেই অবলীলায় ধূমপান করেন। এতে অধূমপায়ী বিশেষ করে মহিলা যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
শনিবার দুপুরে কয়েকজন যাত্রী জানান, শহর থেকে হালুয়ারঘাট, হাছননগর, বুড়িস্থল, মাইজবাড়ি, ওয়েজখালি, আমবাড়ি, কাটাখালি যেতে প্রায় সময় দেখি অল্পবয়সী সিএনজি, লেগুনা ও অটোরিক্সার চালক ও কিছু যাত্রী চলন্ত অবস্থায় ধূমপান করেন। এতে আপত্তি করলে ক্ষেপে উঠে ধূমপায়ীরা।
প্রকাশ্য স্থানে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ। কিছু দিন আগে পর্যন্তও প্রকাশ্যে বিশেষ করে গাড়ির ভিতরে ধূমপান করতে দেখা যেত না। কিন্তু সাম্প্রতিককালে এই প্রবণতা বেড়ে যাওয়ার জন্য আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের উদাসীনতা ও যাত্রীদের অসেচতনতাকে দায়ী করছেন অনেকে।
লেগুনা যাত্রী মরম আলী বলেন, ‘আমি আমবাড়ি থেকে এসেছি। চালক সিগারেট পান করছে। আমি নিষেধ করলে সে বলে বাতাসে উড়িয়ে নেবে সিগারেটের গন্ধ। ’
সিএনজির যাত্রী সুহেল মিয়া বলেন, ‘আমি মাইজবাড়ি থেকে এসেছি। এই সময় চালক ও তার যাত্রী বন্ধু মিলে সিগারেট পান করছে। কিন্তু আমি দুইবার নিষেধ দেওয়ার পরও তারা সিগারেট পান করে চলেছে।’
অটোরিক্সার যাত্রী শরীফ উদ্দিন বলেন, ‘আমি হালুয়ারঘাট থেকে এসেছি। নবীনগরের সড়কের ভাংগন অতিক্রম করেই চালক সিগারেট জ্বালায়। আমি নিষেধ করতেই তার পাশের লোকের কাছে জলন্ত সিগারেট দেয়। সেই লোক সিগারেট পান করে করেই আসে শহরে।’
এই রিপোর্টারকে লেগুনার চালক ধূমপায়ী আজির উদ্দিন বলেন, ‘জ্বী আমি সিগারেট ফেলে দেবো।’ কিন্তু সে ফেলে দেয়নি। সে সিগারেট মুখে রেখেই যাত্রী তুলেছে লেগুনায়।