- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যান্ত্রিকতায় ছোঁয়ায় হারিয়ে গেছে হালচাষ

মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ
জমি চাষের চিরায়িত পদ্ধতি ছিল গরু, মহিষ ও লাঙ্গল-জোয়ালে হালচাষ। লাঙ্গলের ফলা জমির অনেক গভীরের অংশ পর্যন্ত মাটি আলগা করত। গরুর পায়ের চাপে জমিতে কাদা হতো এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা অনেক বেড়ে যেত। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ও যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঙ্গল চাষ।
জামালগঞ্জ উপজেলায় লাঙ্গল আর জোয়াল দিয়ে জমি চাষ এখন আর চোখে পড়ে না। আধুনিক কৃষি পদ্ধতির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই চিরচেনা দৃশ্যটি। একসময় দেখা যেতো কাক ডাকা ভোরে কৃষকরা গরু ও কাঁধে লাঙ্গল জোয়াল নিয়ে বেড়িয়ে পরতো মাঠের জমিতে হালচাষ করার জন্য। বর্তমানে যান্ত্রিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কৃষিতেও। একসময় বাণিজ্যিক ভাবে কৃষক গরু মহিষ পালন করত হালচাষ করার জন্য। নিজের জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে অনেকেই ব্যয়ভার বহন করত। আর এখন জমি চাষ করার প্রয়োজন হলেই ব্যবহার করা হচ্ছে পাওয়ার টিলার সহ আধুনিক যন্ত্রপাতি। তাই কৃষকরা এখন পেশা পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে ঝুঁকছে। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে গরু মহিষ ও লাঙ্গল জোয়াল দিয়ে হালচাষ।
ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম, ফজলুল হক ও জামালমিয়া জানান, ছোট বেলায় হালচাষের কাজ করতাম গরু দিয়ে। বাড়িতে বাড়িতে গরু মহিষ ছিল চার থেকে পাঁচ জোড়া। চাষের জন্য প্রয়োজন হতো একজোড়া বলদ, কাঠের তৈরী লাঙ্গল, বাঁশের তৈরী জোয়াল, মই, দড়ি ও লাঠি। গরুর মুখে লাগানো হতো মুখোশ। এখন নতুন আধুনিক যন্ত্রপাতি পাওয়ার টিলার এসেছে। সরকারও কৃষকদের সহায়তায় বিভিন্ন যন্ত্রপাতি ভর্তুকিতে দিচ্ছে। তাই আমরা এখন গরু মহিষ লাঙ্গল জোয়াল নিয়ে গরু দিয়ে হালচাষ একরকম ভুলে গিয়েছি। গরুর গাড়িও ্এখন আর দেখা য়ায় না, তার পরিবর্তে এখন ব্যবহার করা হচ্ছে ইঞ্জিন চালিত ট্রলি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, দেশের ১৮কোটি মানুষের মৌলিক চাহিদা খাবারের জোগান দিতে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে বর্তমান সরকার ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। পাশাপাশি মানুষের কায়িক পরিশ্রম অনেকাংশে কমে গেছে। কৃষকরা এখন আধুনিক যন্ত্রপাতির কারণে দ্রুততম সময়ে হালচাষ ও ফসল কর্তন করতে পারছেন।

  • [১]