- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যান চলাচালে ঝুঁকি- সড়কের দুই পাশে রাখা হাজারো বিদ্যুতের খুঁটি

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার পাকা খুঁটি ফেলে রাখায় ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়ক বিভাগ এসব খুঁটি সরিয়ে নিতে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিলেও কোনো কাজ হয়নি।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুতায়নের জন্য এসব খুঁটি এনে রাখা হয়েছে। প্রতিদিন বড় বড় লরিতে করে এসব খুঁটি আনা হচ্ছে এবং সড়কের দুই পাশে রাখা হচ্ছে। বর্তমানে সড়কের দুই পাশে সাত থেকে আট হাজার খুঁটি রাখা আছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের উন্নয়ন কাজের জন্য এসব খুঁটি আনা হচ্ছে। কিন্তু তাদের নিজস্ব কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের পাশে এগুলো রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি থেকে সদর উপজেলার নীলপুর পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশে এসব পাকা খুঁটি রাখা আছে। প্রতিদিনই এখানে আরও খুঁটি আনা হচ্ছে। আবার এসব খুঁটি জেলার বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। রাস্তার ওপর বড় বড় লরি ও ট্রাকে এসব খুঁটি উঠা-নামা করার সময় যান চলাচল বাধাগ্রস্ত হয়। আবার কখনো কখনো যানজট লেগে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষদের।
ওই সড়কে বাস চালক আকিবুর মিয়া বলেন, রাস্তার ওপর লাইন ধরে লরি ও ট্রাক থেকে এসব খুঁটি ওঠা-নামা করে। আমাদের বাস চলাচল করতে অসুবিধা হয়। আবার কোনো কোনো স্থানে খুঁটি সড়কের ওপরে চলে এসেছে। এ কারণে গাড়ির নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। লেগুনাচালক বাবুল মিয়া বলেন, প্রতিদিন দশটা-বারোটা ট্রাক ও লরি খুঁটি নিয়ে আসে। সড়ক তাদের দখলে থাকে। তখন যানজট লাগে। এতে ভোগান্তি পোহাতে হয়। সড়কের নীলপুর বাজারের ব্যবসায়ী সাইফুল       
ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি তাদের আগে এসব খুঁটি রাখার জায়গা করে পরে এগুলো আনা উচিত ছিল। রাস্তার পাশে এবাবে হাজার হাজার খুঁটি রাখায় যান চলাচল শুধু নয়, মানুষজের চলাচলেও সমস্যা হচ্ছে।
সুনামগঞ্জ বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা একাধিকবার আলোচনা করেছি। সুনামগঞ্জ-সিলেট সড়কটি এমনিতেই সরু, যান চলাচল করতে সমস্যা হয়। তার উপর দুই পাশে হাজার হাজার খুঁিট ফেলে রাখায় সমস্যা আরও বেশি হচ্ছে। এসব খুঁিটর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সোহেল পারভেজ গতকাল বলেন, সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খুঁটি সরানোর জন্য আমাদের বলা হয়েছে। কিন্তু বর্ষা মৌসুমের জন্য আমরা সেটি করতে পারিনি। এখন সড়কের পাশে আর খুঁটি রাখা হচ্ছে না। তিনি জানান, সদর উপজেলা অচিন্তপুর এলাকায় এসব খুঁটি রাখার জন্য তারা ৬০শতক জমি ভাড়া নিয়েছেন। এখন থেকে সেখানেই খুঁটি রাখা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ৫০জন ঠিকাদার কাজ করছে। পর্যায়ক্রমে সড়কের পাশ থেকে এসব খুঁটি সরিয়ে দেওয়া হবে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেছেন, আমরা পল্লী বিদ্যুৎ সমিতিকে কয়েকদফা চিঠি দিয়েছি। কিন্তু তারা খুঁটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্তকরণের কাজ হবে। এখন এমনিতেই এসব খুঁটি সরাতে হবে। তারা এ ব্যপারে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আইনি পদক্ষেপ নেব।

  • [১]