- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যিশুখ্রিস্টের অহিংসার বাণী পালনের মাধ্যমে পৃথিবীতে প্রবাহিত হবে শান্তির নির্মল বাতাস

মাতা মেরির গর্ভে জন্মগ্রহণ করেন ঈসা। এই শিশু একদিন তাঁর আদর্শ পৃথিবীতে ছড়িয়ে দেবেন তা তখন হয়তো অনেকের কাছে ছিল অচিন্তনীয়। তবে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কুমারী মেরির গর্ভে তাদের ত্রাণকর্তা জন্ম নেবে। নতুন বাইবেলে বর্ণিত যিশুর জন্মকাহিনি ক্রিসমাস উৎসবের মূল ভিত্তি। প্রচলিত আছে, একটি আস্তাবলে গবাদি পশু পরিবৃত্ত অবস্থায় তিনি জন্ম নেন। তাঁর জন্মের পর এক স্বর্গদূত বেথেলহেমের চারপাশের মেষপালকদের যিশুর জন্মসংবাদ অবহিত করেন। তারাই সেই দিব্যশিশুকে প্রথম দর্শন করার সৌভাগ্য অর্জন করেন। পরবর্তী সময়ে ধর্মগুরুদের ষড়যন্ত্র আর নিজ শিষ্যের প্রতারণার কারণে ঈশ্বর অবমাননার জন্য তাঁকে আটক করা হয়। বিচারক বারাব্বাস নামক এক ব্যক্তি এবং যিশুর মধ্যে যেকোনো একজনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং কাকে ছাড়বেন তা বিচারের দায়িত্ব জনতাকে দেন। জনতা বারাব্বাসকে বেছে নিলে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। তবে পৃথিবী যখন আবার পাপে ভরে যাবে তখন যিশু প্রত্যাবর্তন করবেন, এই ধারণা খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায় বিশ্বাস করে।
বড়দিন শুধু খ্রিস্টানদের ধর্মীয় উত্সব হিসেবে বিবেচিত নয়। অনেক অখ্রিস্টানও বড়দিনের আনন্দ উপভোগ করে। তবে বড়দিনে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে, বিশেষ করে শিশুদের কাছে, সান্তাক্লজ। তিনি তাদের জন্য নানাবিধ উপহার নিয়ে আসেন এই ধারণা শিশুদের মধ্যে যে অনাবিল আনন্দ বয়ে আনে তার ভাগীদার বড়রাও। বড়দিনে একে অপরকে উপহার দেওয়ার যে প্রচলন রয়েছে সেটি এই দিন উপভোগ করার মাত্রা আরও বাড়িয়ে দেয়। পাশ্চাত্ত্যে বড়দিনকে উপলক্ষ করে কয়েকশ’ কোটি ডলারের অর্থনীতি সচল হয়ে ওঠে। বড়দিনে খ্রিসমাস ট্রি সাজানো একটি আবশ্যিক কাজ হিসেবে খ্রিস্টানরা পালন করে, অনেক সময় অখ্রিস্টানদের বাড়িতেও এই গাছ শোভা পায়।
যিশু এসেছিলেন মানবজাতির ত্রাণকর্তা হিসেবে। হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতার পথ থেকে মানুষকে উদ্ধার করে তিনি সুন্দর ও আলোকিত পথ দেখিয়েছেন। সেজন্য এই মহামানবের জন্মদিনকে আজ সবাই উদযাপন করছে। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় যেমন ক্রিসমাস উদযাপন করবে, তেমনি অন্যান্য সম্প্রদায়ের কাছেও এই দিন আনন্দের দিন। এই দিনে দেশের গির্জাগুলোতে সমাগম ঘটবে খ্রিস্টান ধর্ম অনুসারীদের, তেমনি নানা সাজে সজ্জিত হবে অভিজাত হোটেল এবং অন্য খ্রিস্টান প্রধান প্রতিষ্ঠানগুলো।
সব উৎসবেরই একটা বাহ্যিক দিক থাকে। বড়দিনের উৎসবের বাহ্যিক দিকটা বেশ আকর্ষণীয়। আবার ধর্মীয় উৎসবের যে অন্তর্গত চেতনা থাকে, খ্রিস্টান ধর্মে তা রয়েছে মানবিকতার সকল দুয়ার খোলা রেখে। যিশুখ্রিস্টের অহিংসার বাণী পালনের মধ্য দিয়ে হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তির নির্মল বাতাস বইয়ে দেওয়া সম্ভব।  

  • [১]