- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নবাব উদ্দিনকে নিয়ে প্রেসক্লাবের ‘লেখক-পাঠক আড্ডা’

স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক সাংবাদিক ও লেখক নবাব উদ্দিনকে নিয়ে সুনামগঞ্জে ‘লেখক-পাঠক আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। পৌর শহরের একটি রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠান হয়। সুনামগঞ্জ প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নবাব উদ্দিনের লেখা যেতে যেতে পথে এবং আ রেসিষ্ট মার্ডার অব আলতাব আলী শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। একই সঙ্গে নবাব উদ্দিন সম্পর্কে দেশে-বিদেশের ৭১জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত দীপ্ত পথচলা বইয়ের মোড়কও উন্মোচন হয় অনুষ্ঠানে। এই বইটি সম্পাদনা করেছেন সাপ্তাহিক জনমত পত্রিকার নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ইসহাক কাজলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দীর্ঘ ২২ বছর সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের বিষয়টি জানিয়ে অনুষ্ঠানে নবাব উদ্দিন বলেন, যাঁরা সাংবাদিকতা করেন তাঁরা জানেন একটি পত্রিকার ধারাবাহিক প্রকাশনা টিকিয়ে রাখা কতটুকু কষ্টসাধ্য। প্রবাসে বাংলা পত্রিকা প্রকাশনা এবং সেটির টিকিয়ে রাখা আরও কঠিন। কিন্তু জনমত পত্রিকাটি যুক্তরাজ্যে টিকে আছে এবং বলা যায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। নানা সংকট ও সমস্যা মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হয়েছে।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সহসভাপতি শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক আ স ম মাসুম। অনুষ্ঠানে নবাব উদ্দিন ছাড়াও বক্তব্য দেন জনমত পত্রিকার নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা আইনজীবী বজলুল মজিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, আমেরিকা প্রবাসী সাংবাদিক ও গীতিকার ইসতিয়াক রুপু, আইনজীবী স্বপন কুমার দাস রায়, কবি ইকবাল কাগজী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মহিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী সাংবাদিকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ এআর জুয়েল। এছাড়াও সুনামগঞ্জ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের বই ‘রক্তাক্ত একাত্তর’ অতিথিদের হাতে তুলে দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহজাহান চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মুশাহিদ রাহাত।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিন্দু তালুকদার, কার্যনির্বাহী সদস্য এমরানুল হক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব সারোয়ার আজাদ, সদস্য মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর, সদস্য কামরুল হাসান চৌধুরী, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, আল আমিন, আব্দুস শহীদ, দিলাল আহমদ।

  • [১]