ছাতক প্রতিনিধি
ছাতকে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধকালীন সময়ে সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেছেন চেলা ও ভোলাগঞ্জ সাব সেক্টরের দুই কমান্ডারসহ চারজন মুক্তিযোদ্ধা কমান্ডার। শুক্রবার ছাতক ও দোয়ারা উপজেলার মুক্তিযুদ্ধের বেশকটি উল্লেখযোগ্য স্থান পরিদর্শন করেন তাঁরা। বিকেলে চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়ার বাড়িতে স্থানীয়দের সাথে কুশল বিনিময় শেষে তারা মধ্যাহ্ন ভোজে মিলিত হন। চেলা সাব-সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব) হেলাল উদ্দিন, ভোলাগঞ্জ সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার আলমগীর, লে. কর্ণেল(অব) আব্দুর রউফ বীর বিক্রম ও মেজর (অব) মাসুদ আহমদ এই পরিদর্শন দলে ছিলেন। পরে তারা ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রাখা-রসুলপুর গ্রাম ও দোয়ারা উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামসহ যুদ্ধকালীন স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এসব এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে ঐতিহাসিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা কদর মিয়া, আওয়ামী লীগ নেতা ক্বারী আব্দুল জলিলসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।