লন্ডন প্রতিনিধি
মানবতা বিরোধী অপরাধী ১৯৭১ সালে ঢাকায় বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক ফাসির দণ্ডপ্রাপ্ত লন্ডনে পলাতক চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও হোম সেক্রেটারী প্রীতি প্যাটেলের কাছে আবেদন জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।
১৯ জুলাই যুক্তরাজ্য শাখা ঘাতক-দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে এ আবেদন জানান সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদ ও সেক্রেটারী জামাল আহমদ খান।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ-বাংলাদেশি চৌধুরী মঈন উদ্দিন। খবরটি দিয়েছে যুক্তরাজ্য থেকে প্রকাশিত মেইল অনলাইন। এই মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, যুক্তরাজ্য শাখা।
যুক্তরাজ্য শাখার সভাপতি সাবেক কাউন্সিলার নূরউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খান যৌথ এক বিবৃতিতে বলেন, চৌধুরী মইন উদ্দিন বাংলাদেশে প্রমাণিত ও সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধপরাধী। ব্রিটিশ সরকারে সাম্প্রতিক যে আইন করা হয়েছে বিভিন্ন দেশের যুদ্ধাপরাধীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার জন্য সেই আইনের আওতায় এই যুদ্ধাপরাধীর তথ্য গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে নেয়া সিটিজেনশীপ বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে বিচার সম্পন্নে সহায়তা করা হোক। তারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে এক স্মারকলিপিতে মুঈনুদ্দিনকে অভিলম্বে গ্রেফতার করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানান।