স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের নতুন আহ্বায়ক খায়রুল হুদা চপলকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড। শনিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সংবর্ধিত অতিথি জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর খন্দকারও উপস্থিত ছিলেন।
ওবায়দুর রহমান কুবাদের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ডেপুটি কমান্ডার সৈয়দুর রহমান, মুক্তিযোদ্ধা মুজাহিদ আলী, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান ফেরদৌসি সিদ্দিকা ও ইকবাল আল আজাদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে শাবান মাহমুদ বলেন, ‘সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর পরিবারের ভূমিকা রয়েছে। সময়ের প্রয়োজনে রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি’। শাবান মাহমুদ আরো বলেন,‘বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের অনেক ক্ষতি করেছে, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র প্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্যতম, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’। তিনি বলেন,‘সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিসহ অন্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আলোচনা শেষে সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিদের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।