- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে- আইজিপি

সু.খবর ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা সেই দায়িত্ব পালন করবো।
বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইনস মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, দেশ জঙ্গিবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠার আগেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদের সঙ্গে অন্য কোনো দুরভিসন্ধিমূলক কার্যক্রমে কারো চক্রান্ত রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা সেই আলোকে দায়িত্ব পালন করে চলেছি। একসময় দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে বর্তমানে মানুষ নিরাপদে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আশা করছি পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে অতীতের মতো মানুষ অংশগ্রহণ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা।
এর আগে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ অফিসার্স মেস ও পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে রংপুর পুলিশ লাইনসে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর তিনি পুলিশ লাইনস স্কুল অডিটরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সূত্র : জনকন্ঠ

  • [১]