স্টাফ রিপোর্টার
গত ২২ জুন ‘দৈনিক সুামগঞ্জের খবর’ পত্রিকায় ‘মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন জামিন পেয়েছেন’ শিরোনামে প্রকাশিত সংবাদে পত্রিকার ৩নং পাতায় উল্লেখ করা হয়, আসামী শহিদুল ইসলাম স্বাধীন রিমান্ডে পুলিশের কাছে নোয়াগাঁওয়ের হামলায় নিজের যুক্ত থাকার কথা স্বীকার করেছে। প্রকৃতপক্ষে আসামী শহিদুল ইসলাম স্বাধীন কোন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নি। এই সংবাদ জনমনে বিভ্রান্তি সৃজনসহ বিচার বিভাগের সম্মান ক্ষুন্ন করা হয়েছে বলে সুনামগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার দৈনিক সুনামগঞ্জের খবরকে কেন contempt proceeding ড্র করা হবে না তন্মের্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
আদেশে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, সম্পাদকম-লীর উপদেষ্টা স্বপন কুমার দেব ও দুজন স্টাফ রিপোর্টার পুলক রাজ ও আসাদ গণিকে (আসাদ মনি) স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এই কারণ দর্শানোর আদেশ পাঠিয়েছেন।
বিজ্ঞ আদালত আদেশে বলেছেন, তিন কার্যদিবসের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে এই বিষয়ে কারণ দর্শানোর জন্য।
দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের দুঃখ প্রকাশ
গত ২২ জুন দৈনিক সুনামগঞ্জের খবর’এর প্রথম পাতায় ‘নোয়াগাঁওয়ে তা-ব, মামলার প্রধান আসামী স্বাধীন জামিন পেয়েছেন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশে উল্লেখ ছিল ‘জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আদালতে হাজির করে স্বাধীনের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। ২৩ মার্চ আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পুলিশের কাছে নোয়াগাঁয়ের হামলায় নিজের যুক্ত থাকার কথা স্বীকার করে সে’। প্রকৃতপক্ষে রিমান্ডে স্বাধীন মিয়া নিজের যুক্ত থাকার কথা স্বীকার করে নি। ভুল তথ্যের ভিত্তিতে এই অংশটুকু ছাপা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার দু:খ প্রকাশ করছে এবং একই সঙ্গে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনা করছে। নিউজে বিজ্ঞ আদালতকে অসম্মান-অশ্রদ্ধা এবং জনগণের আস্থা বিনষ্ট করার কোন অভিপ্রায় থেকে এই সংবাদ প্রকাশ করা হয় নি। মাননীয় আদালতের প্রতি সুনামগঞ্জের খবর পরিবার সব সময়ই শ্রদ্ধাশীল ছিল, ভবিষ্যতেও সর্বোচ্চ শ্রদ্ধার স্থানে থাকবে আদালত। ভবিষ্যতে আদালত সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে অধিক সতর্কতা অবলম্বন করা হবে।