- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যোগাযোগ দুর্ভোগে ৬ উপজেলাবাসী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যোগাযোগ দুর্যোগে পড়েছেন জেলাবাসী। বন্যার পানি ও উজানের ঢলে সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর-তাহিরপুর, সুনামগঞ্জ- দোয়ারা-ছাতক ও সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের বেহাল অবস্থা। এই ৬ উপজেলার সড়কের একাধিক স্থানে কেবল খানখন্দ নয়, বানের তোড়ে ভেসে গেছে। সুনামগঞ্জ সড়ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, বন্যায় ২৫ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। অনেক অংশ ভেসে গেছে।
সুনামগঞ্জ- দোয়ারাবাজার সড়কের নোয়াগাঁও গ্রামের নগাইর খালের পাড়ে’র ৪০০ ফুট সড়ক ঢলে ভেসে গেছে। এ কারণে সুনামগঞ্জের সঙ্গে দোয়ারা- ছাতকের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সুনামগঞ্জ-সাচনা-জামালগঞ্জ সড়কের আব্দুজ জহুর সেতু থেকে টুকেরঘাট পর্যন্ত অংশ খানাখন্দ হয়ে যান চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এই সড়কের বেশ কিছু অংশের মাটি সরে গেছে। সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা সেতুর পাশের ১০০ মিটার, দুর্গাপুর গ্রামের পাশের কিছু অংশ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর সড়কের নির্মাণাধীন ৬ সেতু’র বিকল্প সড়ক বন্যার পানিতে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানালেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে সড়ক যোগাযোগ সচল করার উদ্যোগ নিয়েছেন তারা।

  • [১]