এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সিদ্দিকুর রহমান ভ্ূঁইয়া নামের সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষক উপজেলার ভাটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শনিবার দুপুরে ওই ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে
জানা যায়, গত ২৩ এপ্রিল এ উপজেলার সবক’টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করতে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। পরীক্ষা শুরু হওয়ার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ভূইয়া হলে প্রবেশ করে ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। ছাত্রীটি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে তার ভাবিকে বিষয়টি জানায়। পরে ছাত্রীর মা এ বিষয়টি জানতে পারেন। এরপর থেকে ছাত্রীটি শিক্ষকের ভয়ে আর পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায় নি। গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওইদিন বিকেলেই বিদ্যালয়ে তদন্তে যান এবং তিনি এ বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠান। এ প্রতিবেদনের প্রেক্ষিতে শিক্ষক সিদ্দিকুর রহমান ভ্ইূয়াকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এমনটি জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করায় নিষেধ থাকা সত্বেও ওই শিক্ষক ছাত্রীর পিঠে থাপ্পড় দিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে যৌন হয়রানির বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন তিনি (শিক্ষক)।’
উল্লেখ্য, গত শুক্রবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় ‘শিক্ষকের ভয়ে স্কুল ছেড়েছে ছাত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।