- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রক্ষা হলো না নজরখালি বাঁধ

আমিনুল ইসলাম, তাহিরপুর
টাঙ্গুয়া হাওর পাড়ের কৃষকরা স্বেচ্ছাশ্রমে টানা ৭ দিন কাজ করেও রক্ষা করতে পারলেন না নজরখালি বাঁধ। শনিবার সকাল সাড়ে ১০টায় পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে নজরখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে কৃষকদের চোখের সামনেই তাদের সোনার ফসল পানিতে ডুবে যাচ্ছে।
বৃহৎ এ টাঙ্গুয়া হাওরটিতে ২৪ হাজার ৭০৩ একর জলাভূমি থাকলেও হাওরের কান্দাগুলোতে প্রায় ৩ হাজার একর জমিতে টাঙ্গুয়া পাড়ের জয়পুর, গোলাবাড়ি, মন্দিয়াতা, রংচি, রুপনগরসহ বিভিন্ন গ্রামের কৃষকরা বোর চাষাবাদ করেছেন। নদীর পানি বৃদ্ধি পেলে হাওরে প্রথম ধাক্কায় যেন পানি না ঢুকে সে লক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কৃষকদের দাবির মুখে টাঙ্গুয়া হাওরের ৩টি বাঁধ মেরামতের জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়।
গত দু’দিনে নদীতে আগাম পানি আসায় টাঙ্গুয়া হাওরের নজরখালি বাঁধটি টিকিয়ে রাখতে জয়পুর গোলাবাড়ি গ্রামের লোকজন গত কয়েকদিন স্বেচ্ছাশ্রমে দিনরাত কাজ করছিলেন।
টাঙ্গুয়া হাওরপাড়ের গোলাবাড়ি গ্রামের খসরুল আলম জানান, শনিবার বেলা সাড়ে ১১ টায় নজরখালি বাঁধটি ভেঙে হাওরে পানি ঢোকা শুরু হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে শাখা কর্মকর্তা আসাদুজ্জামান সেলিম বলেন, টাঙ্গুয়া হাওরের নজরখালি, নাওটানা ও গনিয়াকুড়ি হাওরের বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের আওতায় না থাকায় এলাকার কৃষকদের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড ৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় টাঙ্গুয়া হাওরের নজরখালি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। নজরখালি বাঁধ এলাকা পরিদর্শন করেছেন তিনি। তিনি আরো জানান, নজরখালি বাঁধটি ভেঙে যাওয়ায় হাওরপাড়ের কৃষকদের ক্ষতি পোষাতে উপজেলা কৃষি অফিসের লোকজন দিয়ে সরেজমিন তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

  • [১]