স্টাফ রিপোর্টার
‘রঙে রাঙাই জীবনবৃত্ত’ এই স্লোগানে ‘রঙবৃত্ত’র আত্মপ্রকাশ। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে দুই দিনব্যাপী চারু প্রদর্শনীর আয়োজন। দৃষ্টি কেড়েছে শহরে চারু প্রেমিদের। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী’র লোকসংস্কৃতি সংগ্রহশালায় শুক্রবার বিকালে এই আয়োজনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
উদ্বোধনী পর্ব শেষে দৃষ্টিনন্দন চারু প্রদর্শনী দেখতে ভিড় করেন অনেকেই। ৯ বছরের শিশু ‘বৃষ্টি’ একজন মুক্তিযোদ্ধার অস্ত্র তাক করে থাকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম’র প্রতিচিত্র দেখিয়ে তাঁর বাবাকে বলছিল কী চমৎকার করে আঁকা হয়েছে।’ কেবল বৃষ্টি নয়, শিশু থেকে বৃদ্ধ সকলেই চারু প্রদর্শনীতে এসে মুগ্ধ হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, নারীনেত্রী শীলা রায়, চিত্রশিল্পী স্বপন চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, চারুশিল্পী দেবাশীষ রায় শুভ সকলেই রঙবৃত্ত’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন। বললেন,‘এরকম আয়োজন যত বেশি হবে চিত্রকর্মে আগ্রহীরা তত উপকৃত হবে।’ সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ ও নারীনেত্রী শীলা রায় বললেন,‘এমন সংগঠন ও এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে, সুনামগঞ্জে উপ-মহাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ’র মতো আরও চিত্রশিল্পী হতে সহায়ক হবে।’
প্রদর্শনীতে ৮২ টি প্রতিচিত্র স্থান পায়। এরমধ্যে ছিল মরমি কবি হাসন রাজা, রাধাকৃষ্ণ-১, রাধাকৃষ্ণ -২, কেশ কুমারী, বিপন্ন, নীড় পেন্সিল স্কেচ, টিয়া পাখি, রাখাল, বেলা শেষে জল রং, মৃত্যু শেষ, মৃত্যুর আগে, বধূ সাজসহ প্রকৃতির রূপবৈচিত্রের নানা ছবি। এগুলো এঁকেছেন- ফয়সল খান রকি, নিলয় চৌধুরী অন্ত, আবতাহী হোসাইন অন্ত, প্রান্ত চন্দ, তাইয়িবা তারান্নুম সিনথিয়া, অরফিতা চৌধুরী, তাজকিরা হক তাজিন, রাজর্ষি দাশ, সুদীপ্ত ঘোষ তুর্য, আয়মান ইসলাম প্রিয়, এসএন নন্দিনী, তানিম আহমদ, নাঈম আল মাহমুদ ও সর্বজয় চক্রবর্তী।
রঙবৃত্ত’র সভাপতি ফয়সল খান রকি, সাধারণ সম্পাদক নিলয় চৌধুরী অন্ত বললেন,‘আমাদের সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এই আয়োজন। আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, উদীচী, প্রসেনিয়ামসহ বিভিন্ন সংগঠন সহযোগিতা করেছেন। ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে এর চেয়ে এ ধরনের আরও আয়োজন করার চেষ্টা করবো আমরা।’