- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রঙ্গারচরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন

স্টাফ রিপোর্টার
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রঙ্গারচর গ্রামে মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলামের ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত পৌনে ১১টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একটি টিনসেড ঘরসহ গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র সহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে অগ্নিকান্ডে।
মুক্তিযোদ্ধা সন্তান কয়েছ মিয়া জানান, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত অনুমান পৌনে ১১টায় আগুন লাগার ঘটনা টের পেয়ে জেগে উঠেন। তিনি দেখেন ঘরের উত্তর-পূর্ব কোণে আগুন জ্বলছে। তখন ঘর থেকে দ্রুত বাইরে চলে আসেন। তার চিৎকারে আশপাশের মানুষও দৌঁড়ে আসেন। তার এক আপন চাচাতো ভাই সায়েস্তা মিয়াকে তখন ঘরের কোণ থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাড়ি ও জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান আছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম, আলা উদ্দিন, ওয়াহিদ আলী, রাজি মিয়া জানান, মসজিদের মাইকে ঘরে আগুন লাগার ঘটনা জানানো হয়। এ সময় আদার বাজার থেকে মানুষজন দৌঁড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। আমরাও দৌঁড়ে আসি।
ব্যবসায়ী ওমর আলী বলেন, তাদের চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ি ও জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলে আসছে।
মুক্তিযোদ্ধা সন্তান রুয়েল মিয়া বলেন, আমাদের পরিবারের বাড়ি ও জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত আছেন তারা।
নবনির্বাচিত ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, ঘরে আগুন লাগার ঘটনার খবর পেয়ে আমি একটি সভা থেকে দ্রুত এসে দেখি জ্বলে পুড়ে সবই শেষ। মুক্তিযোদ্ধা পরিবার সন্দেহ করছে চাচাতো ভাইদের। উপস্থিত সবাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী শনিবার সালিশে এই ঘটনা মীমাংসা করার চেষ্টা করা হবে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বলেন, রঙ্গারচর গ্রামে ঘরে আগুন লাগার ঘটনায় কেউ অভিযোগ করেননি।

  • [১]