স্টাফ রিপোর্টার
জেলার ধর্মপাশা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন ও সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস একসঙ্গে বৈঠক করলেন। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের ঢাকার লালমাটিয়ার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর কবীর এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র তালুকদার উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন
বলেন, ‘দল এবং সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় জরুরি এবং দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য প্রয়োজন। এসব বিবেচনায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং শামীম আহমদ বিলকিসকে একসঙ্গে বসিয়ে বলা হয়েছে, তারা যেন ঐক্যবদ্ধভাবে তালিকা দেন। তারা দুজনেই পরে একমত হয়েছেন এবং ধর্মপাশার ৬ ইউনিয়নের দলীয় প্রার্থী তালিকা একটিই তৈরি করেছেন তারা’।