- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

সু.খবর ডেস্ক
পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই সময় ধরে চলবে। তবে সুপ্রিমকোর্ট ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বরাবরই অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সচিব জানান, রমজানে অফিস সময়ে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
সচিব বলেন, রমজানে অন্যান্য সময়ের তুলনায় সপ্তাহে ছয় ঘণ্টা ১৫ মিনিট কর্মঘণ্টা ‘লস’হয়। অন্যান্য মাসে অফিসসূচিতে প্রতি সপ্তাহে ৩৭ ঘণ্টা ৩০ মিনিট কর্মঘণ্টা ব্যয় হয়। রমজানে একটু সুবিধা দিতেই হয়।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬/৭ জুন শুরু হচ্ছে এবারের রমজান।

  • [১]