আসন্ন রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ২০ রমজানের মধ্যে ঈদ উৎসব বোনাস প্রদানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা। পরে সংগঠনের কার্যালয় থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস’র সভাপতিত্বে মঙ্গলবার বিকালে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল সরকার, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া, সেন বাবু, মোহিত মিয়া, নিমাই দাস, এমদাদুল হক, ইকবাল হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রমজান মাসে ব্যবসায়িক মন্দার অজুহাত দেখিয়ে অধিকাংশ মালিকরা হোটেল শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই করেন। শ্রমিকদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
পরিবার পরিজন নিয়ে শ্রমিকরা সিয়াম সাধনার পরিবর্তে অনাহার অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। শ্রমিকরা বঞ্চিত হয় ঈদের আনন্দ উৎসব থেকে।
স্মরকলিপিতে আরো উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২৪ শে নভেম্বর শ্রমিকদের জন্য নি¤œতম মজুরি গেজেট প্রকাশ হয়। ঘোষিত গেজেট অনুযায়ী প্রত্যেক শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমাণ বছরে ২টি উৎসব বোনাস প্রদানের আইন করা হয়। এরপর ২০১২ সালের ২ এপ্রিল সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের জন্য রেস্তোরা মালিক ও হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ হোটেল মালিকরা চুক্তি লংঘন করে কর্মকান্ড চালাচ্ছেন। একারণে হোটেল শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি