স্টাফ রিপোর্টার
পহেলা রমজান থেকে বৃদ্ধি হওয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্যের কোনো পরিবর্তন হয়নি। বাজারে সবজি, মাছ ও মাংসের মূল্য বৃদ্ধি হওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বুধবার দুপুরে শহরের কিচেন মার্কেটসহ বিভিন্ন স্থানের দোকানপাটে জিনিসপত্র চড়ামূল্যে বিক্রি করতে দেখা গেছে।
এবার রমজান মাসের আগেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সীমাহীনভাবে বৃদ্ধি করে ফেলেন।
এই রমজান মাসে মোরগ ও মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে সীমাহীনভাবে। ফার্মের সাদা মোরগ প্রতি কেজি ছিল ১৪০ টাকা, রমজানে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মূল্যও বেড়েছে ব্যাপক হারে। প্রতি কেজি কৈ মাছ ১৫০ টাকা থেকে ২০০ টাকা, টেংরা ২০০ থেকে ৩০০ টাকা, রুই ৩০০ থেকে ৭০০ টাকা, মাগুড় ৪০০ থেকে ৭০০ টাকা, পুটা ২৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বেগুন প্রতি কেজি ৩০ টাকার পরিবর্তে ৫০ থেকে ৬০ টাকা, দেশীয় শীলা শসা প্রতি কেজি ১৫ টাকার পরিবর্তে ৩৫ থেকে ৪০ টাকা, হাইব্রিড শসা ২৫ থেকে ৩০ টাকা, লেবু প্রতি হালি ১২ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করতে দেখা যায়।
চিনি ৪৫ টাকার পরিবর্তে ৬২ থেকে ৬৫ টাকা, ভোজ্য তেল ৯১ টাকা লিটার, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকার পরিবর্তে ২৪ থেকে ২৫ টাকা, দেশী পেঁয়াজ ৪০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। বেশন প্রতি কেজি ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, চানা (ছোলা) প্রতি কেজি ৭৫ টাকার পরিবর্তে ৮০ টাকা, ভালমানের (ছোলা) ১শত টাকা বিক্রি হচ্ছে। খাসারী ডাইল প্রতি কেজি ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা, রসুন প্রতি কেজি বিদেশী ২২০ টাকা, দেশী ১১০ টাকা বিক্রি হচ্ছে। খেজুর (ভাল মানের) ১৫০ থেকে ৩০০ টাকা। সাধারণ মানের খেজুর ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।