- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রসালো ফল লটকনে বাজার সয়লাব

শহীদ নূর আহমেদ
ফলের বাজার এখন রসালো ফল লটকন’র (বুবি) দখলে। ছোট গোলাকার এই ফলটি বর্ষা মৌসুমে আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবনের শেষ পর্যন্ত বৃহত্তর সিলেটের প্রতিটি জেলা উপজেলা শহরের ফল বাজারে তুলনামূলক বেশি বিক্রি হতে দেখা যায়।
প্রতি কেজি বুবি ৯০ থেকে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেশি হলেও ছোট আকারের এই ফলটি দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
মঙ্গলবার জেলা শহরের আলফাত স্কয়ার ও ফল বাজারের একাধিক ফল বিক্রেতাকে লটকন (বুবি) ফল বিক্রি করতে দেখা যায়। আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে এই ফল বিক্রি শুরু হয়েছে বলে জানান বিক্রেতারা।
বুবি দেখতে সুন্দর ও সুমিষ্ট এবং রসালো বলে সহজে ক্রেতাদের নজর কাড়ে বলে জানান একাধিক বিক্রেতা। জেলার বাহির   
থেকে বুবি কিনে আনতে হয় বলে দামটা একটু বেশি পড়ে বলে জানান তারা। তবে দাম বেশি হলেও সুমিষ্ট রসালো এই ফলটি কিনতে ক্রেতাদের মধ্যে উৎসাহের কমতি নেই।
শহরের আলফাত স্কয়ার এলাকার বুবি বিক্রেতা বুরহান নামের বলেন,‘ বিকিকিনি ভালই হচ্ছে। দাম বেশি হলেও ফল মিষ্টি হওয়ায় ক্রেতারা সহজেই কিনে নেন। বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ’
দীন ইসলাম নামের এক ক্রেতা বলেন,‘বুবি খাইতে মিষ্টি ও রসালো। ছেলে মেয়েরা খুবই পছন্দ করে। দামটা একটু বেশি তবে বাজারে কম সময় থাকে বলে দামের দিকে চাই না।’
বুবি ফলটি বর্তমানে দেশব্যাপি লটকন নামে পরিচিত। সিলেট অঞ্চলে এটিকে বুবি নামে ডাকা হয়। এছাড়াও অনেক জেলায় একে কানইজু, লটকা , লটকাউ, কিছুয়ান নামে পরিচিত। বুবি ফল দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত না হলেও সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাজিপুর জেলায় এর বাণিজ্যিক চাষ হয়।
সিলেটের শ্রীমঙ্গল জেলার লাউয়াছড়া উদ্যানের পাশ্ববর্তী খাশিয়া পুঞ্জিতে ব্যাপকহারে এর চাষ হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী। এখানকার বুবি স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। গাছের শরীরজুড়ে বুবি ফলের সমাহার থাকে। ১০-১৫ ফুট উঁচু এই ফল গাছটি একসময় জংলি ফল বলে অপ্রপচার ছিল। জংলি নাম কাটিয়ে বুবি বা লকটন ফলটি স্বমহিমায় সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। সাধারণত একটি ফলে ৫টি বীজ হয় । বীজের গায়ে লেগে থাকা রশালো শাঁস, জাতভেদে মিষ্টি ও টকমিষ্টি হয়।

  • [১]