- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাগীব আলীর ছেলে আবদুল হাই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারত পালানো সিলেটের শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরের দিকে আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে দেশে ফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হাইয়ের বিরুদ্ধে সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা বাগান দখল ও মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির পৃথক দুটো মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত ১০ আগষ্ট তিনি মামলার প্রধান আসামি বাবা রাগীব আলীর সঙ্গে ভারতের করিমগঞ্জ পালিয়ে গিয়েছিলেন। পরে বাবা-ছেলের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে দুটো মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রায় তিন মাস পর আবদুল হাই তাঁর বাবা রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ রেখে এসে ফিরে এসে গ্রেপ্তার হলেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, শনিবার দুপুরে আবদুল হাই তাঁর স্ত্রী সাদিকা জান্নাত চৌধুরী ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে পৌঁছান। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেকে ছেড়ে দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জেলা পুলিশে হস্তান্তর     করা হলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
আদালতের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাৎ ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে চা-বাগান বন্দোবস্ত নেওয়ায় প্রতারণার অভিযোগে দুটো মামলায় রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে গত ১০ জুলাই দুই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁরা দুজন ছাড়াও রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদিরসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।
গত ১০ আগষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিন সন্ধ্যায় রাগীব আলী, ছেলেকে নিয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান। করিমগঞ্জ আবদুল হাইয়ের শ্বশুরবাড়ি। সেখানে প্রায় তিন মাস থাকার পর শনিবার স্ত্রীকে নিয়ে ফেরেন আবদুল হাই। রাগীব আলী করিমগঞ্জ অবস্থান করছেন।
জকিগঞ্জ ইমিগ্রেশন পুুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হয়ে আবদুল হাই পাসপোর্ট  জমা দেন। চেকপোস্টে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত কাগজ থাকায় তাৎক্ষণিক তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে পরে জেলা পুলিশে সোপর্দ  করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও ছেলেকে অন্য একটি গাড়িতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।
আবদুল হাই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশ ছেড়ে পালানোর তিন মাসের মাথায় কেন ফিরলেন-এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ তাঁকে কিছু জিজ্ঞেসও করেনি, তিনিও এ বিষয়ে কিছু বলেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইমিগ্রেশন পুলিশ সদস্য জানান, আবদুল হাইকে এ সময় বেশ বিমূর্ষ দেখাচ্ছিল। তাঁর সঙ্গে পালানো বাবা রাগীব আলী এখন কোথায় আছেন-এ বিষয়ে জানতে চাওয়া হলেও আবদুল হাই কোনো জবাব দেননি। ফেরার কারণ সম্পর্কেও কিছু বলেন নি।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করে রাগীব আলীসহ ছয়জনকে অভিযুক্ত করে পিবিআই  অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ১০ আগষ্ট দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই রাগীব আলী ও আবদুর হাই পালিয়ে ভারতে চলে যান।
মামলার অপর চার আসামির মধ্যে রাগীব আলীর মেয়ে ও মেয়ের জামাতা পলাতক রয়েছেন। ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত সাজা গত ১০ অক্টোবর রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত অপর আসামি তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত পংকজ কুমার গুপ্ত বর্তমানে জামিনে রয়েছেন।
সিলেটের মহানগর বিচারিক হাকিম আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মামলার মধ্যে মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে আজ রবিবার। একই আদালতে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর তারিখ ধার্য রয়েছে।

  • [১]