- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৩ জানুয়ারি

সিলেট অফিস
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে রাগীব আলী ও ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার দুপুরে সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিচারক আগামী ৩ জানুয়ারি এ মামলার যুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন।
একই আদালতে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাগীব আলী, ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করার তারিখ ধার্য হয়েছে। ৩ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করতে সাক্ষীদের সমন পাঠানো হবে।
মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, জালিয়াতি মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার দিনক্ষণ ঘোষণা করবেন।  
মহানগর আদালতের রেজিস্ট্রারের দপ্তর সূত্র জানায়, জালিয়াতি মামলায় মোট ১৪ জন সাক্ষী। এরমধ্যে বুধবার সর্বশেষ পর্যায়ে সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. মাসুম বিল্লাহ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু জাহের সরকার সাক্ষ্য দেন। এ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলার সাক্ষ্য শেষ হওয়ার বিষয়টি ঘোষণা দেন। এর আগে গত ৪ ডিসেম্বর রাগীব আলীর ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আটজন সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ (রিভিউ) হয়। সাক্ষ্যগ্রহণের শেষ দিন বুধবার আদালতে দুই আসামির মধ্যে কেবল আবদুল হাই উপস্থিত ছিলেন। রাগীব আলী অসুস্থ্য থাকায় তাঁকে হাজির করা হয়নি।  
এদিকে একই আদালতে চলা রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অপর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করতে বিচারক সাক্ষীদেরকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় কারাবন্দি তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত দেওয়ান মোস্তাক মজিদ ও জামিনে থাকা দেবোত্তর সম্পত্তির সেবায়েত পংকজ কুমার গুপ্ত আদালতে হাজির ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে দখল নেন রাগীব আলী। বাগানের একাংশে রাগীব আলী ও তাঁর স্ত্রীর নামে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করেন। দেবোত্তর সম্পত্তির চা-বাগান বন্দোবস্ত নেওয়া ও চা-ভূমিতে বিধিবহির্ভূত স্থাপনা করার অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ।
১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে রায় দেন। রায়ের ১৭টি নির্দেশনার মধ্যে ওই দুটো মামলা সক্রিয় করতে বলা হয়। উচ্চ আদালতের এ নির্দেশনায় মহানগর বিচারিক হাকিম মামলা দুটো তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই দিনই পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান রাগীব আলী ও তাঁর ছেলে। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুুলিশের হাতে আটক হন রাগীব আলী। ওই দিনই তাঁকে দেশে পাঠানো হলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে দেশে ফেরার সময় আবদুল হাই গ্রেপ্তার হন।

  • [১]