স্টাফ রিপোর্টার
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ের নতুন দুইটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়াও দরজা জানালার কাঁচ ভাংচুর ও আসবাবপত্র তছনছ করে ফেলে গেছে। শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ভারী যন্ত্র দিয়ে কলাপসিবল গেইটের দুইটি তালা ভেঙ্গে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। পরে অফিসের দরজার তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ২টি সিলিং ফ্যান নিয়ে যায়। এই সময় কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে ফেলে এবং আসবাবপত্র তছনছ করে ফেলে চোরেরা।
বিদ্যালয় ম্যানেজিং (পরিচালনা) কমিটির সভাপতি আকরাম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে মাস দেড়েক আগে চুরি হয়েছে। এখন আবারও চুরির ঘটনা ঘটেছে। এভাবে বছরে কয়েকবার চুরি হয়। ’
সদর থানার এসআই মমিনুল হক বলেন,‘রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার বিষয়ে গুরুত্বসহকারে খুঁজে দেখা হবে।’