- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজধানীতে সংসদ সদস্যদের সঙ্গে জেলা নেতাদের বৈঠক

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের উপজেলা ইউনিটগুলোর সম্মেলন সফল করতে সংসদ সদস্যদের যুক্ত করতে চাচ্ছে জেলা আওয়ামী লীগ। এজন্য জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বেশিরভাগেই এখন রাজধানীতে রয়েছেন। বৃহস্পতিবার জেলা নেতারা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া শুক্রবার সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নানের সঙ্গে বৈঠক করেছেন তারা।
জেলার ১৪ ইউনিটে সম্মেলন করার উদ্যোগ গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। গত ৫ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে বিশ^ম্ভরপুর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ-১ আসনের মধ্যনগর থানায় সম্মেলন হয় ৮ নভেম্বর । সম্মেলনে অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যানারে না থাকা, মঞ্চে সংসদ সদস্যকে না ডাকায় সংসদ সদস্যসহ তার সমর্থকরা সম্মেলনস্থলে ছিলেন না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়।
এরপর থেকে সম্মেলনের কার্যক্রমে গতি কমে যায়। অন্যান্য উপজেলায়ও নির্ধারিত তারিখে সম্মেলন হয় নি।
এই অবস্থায় গত বুধবার জেলা আওয়ামী লীগের ২৫ জন দায়িত্বশীল নেতা ঢাকায় যান। সম্মেলনের কার্যক্রমে সংসদ সদস্যদেরও যুক্ত করার উদ্যোগ নেন তারা। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ জেলা নেতারা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকের সঙ্গে বৈঠক করেন। সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার সঙ্গেও কথা বলেছেন জেলা নেতারা। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ জেলা নেতারা পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, জেলার সকল ইউনিটেই বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে চাই আমরা। এই লক্ষেই সম্মানীত সংসদ সদস্যগণের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

  • [১]