রাজনীতি রাজার নীতি নাকি নীতির রাজা এই প্রশ্নের কোন ফয়সালা পাওয়া না গেলেও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পর গণমানুষের কল্যাণেই রাজনীতিবিদদের যাবতীয় কর্মকাণ্ড নিয়োজিত থাকে বলে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। আগে যেমন শাসন ব্যবস্থায় জনগণের কোন অংশগ্রহণ থাকত না, তখন উত্তরাধিকার বা শক্তিপ্রয়োগের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিতদের মহানুভবতার উপর নির্ভর করত সাধারণ মানুষের কল্যাণ অকল্যাণের বিষয়টি। তখনও রাজনীতি ছিল। সেই সময়ে রাজনীতি বলতে রাজার নীতিকেই বোঝাত। এখন কোন মহানুভব শাসকের কৃপা লাভের পরিবর্তে জনসাধারণ রাষ্ট্র ও রাজনীতিকদের নিকট থেকে নিজের প্রাপ্য অধিকার পেতে চায়। এটিই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের গণমুখী দিক। অতীতে রাজনীতিকরা সর্বদাই জনগণকে মুখ্য অবস্থানে রেখে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতেন। জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন থাকতো রাজনীতিক-রাজনৈতিক দলের মধ্যে। এখনও যারা রাজনীতি করেন তারা জনসেবার মহান ব্রতের গালভরা অঙ্গীকার ব্যক্ত করেন। কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা কী সেটি অহরহই টের পাচ্ছেন সাধারণ মানুষ। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবর একটি প্রতিবেদনের শিরোনাম করেছে ‘গণবিচ্ছিন্ন রাজনীতি/ভাঙছে বাঁধ ডুবছে ফসল/নেতারা ব্যস্ত ঢাকায়’ শিরোনামে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে উপলক্ষ করে মনোনয়ন কেন্দ্রিক তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের গণহারে ঢাকা অবস্থানকে উপজীব্য করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন হাওরে পানি ঢুকে যখন কৃষকের আর্তনাদ ভারী করে তুলছে চারদিক তখন তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে নেতারা মনোনয়ন বাগানোর প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত রয়েছেন। যে ব্যক্তি আসন্ন ইউপি নির্বাচনে দলের মনোনয়ন পাবেন তাঁকে কিন্তু ভোট চাওয়ার জন্য এই ফসল হারানো কৃষকদের কাছেই ফিরে আসতে হবে। তখন তাঁরা কৃষকদের কী জবাব দেবেন? সাধারণ মানুষ যদি পালটা প্রশ্ন ছুঁড়ে দেন এই বলে যে, আমাদের দুর্যোগে আপনাদের কাউকেই তো কাছে পাইনি, এখন ভোট চাইতে এসেছেন কেন, তখন তাঁদের উত্তর দেওয়ার কিছু আছে কি?
প্রতি মুহূর্তে বিশাল হাওরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভাঙা বাঁধ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে দিচ্ছে পাকা ফসল। কৃষকরা জীবন বাজি রেখে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করে বিফল হচ্ছেন। কিন্তু ওই চেষ্টা দিয়ে প্রকৃতির বিপুল শক্তিকে কিছুতেই আটকানো যাচ্ছে না। এই বিপর্যয়ের সময় গণমানুষের নামে রাজনীতি করা নেতৃবৃন্দের উপযুক্ত দায়িত্ব ছিল, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা এই প্রত্যাশিত চিত্রটি দেখতে পাচ্ছি না। এই কথাটি শুধু আওয়ামী লীগের নয় বরং বিএনপি, জাতীয় পার্টিসহ নির্বাচন করতে আগ্রহী সকল দলের জন্যই প্রযোজ্য। রাজনীতির এই গণবিমুখতা হতাশাজনক। এখন ক্ষমতায় যেতে বোধ করি এখন জনগণের মুখাপেক্ষী হতে হয় না খুব বেশি। অন্য কানেকশনগুলো ঠিকঠাক থাকলে জনগণের থুরাই কেয়ার করেন রাজনীতিকরা। এমন বাস্তবতায় রাজনীতি গণবিমুখ চরিত্র ধারণ করবে এ আর আশ্চর্য কী।
তবে রাজনীতির এই গণবিমুখতা শেষ অর্থে সমাজ রাষ্ট্রের কোন মঙ্গল বয়ে আনবে না। মানুষ অসন্তুষ্ট হচ্ছে এতে। এই মানুষকে অস্বীকার বা উপেক্ষা করা চূড়ান্তভাবে সম্ভব নয় কিছুতেই। সাময়িকভাবে তাদেরকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে বটে কিন্তু একসময় এই মানুষেরাই আবারও রাজনীতির চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এ হচ্ছে ইতিহাসের অমোঘ শিক্ষা। আমাদের রাজনীতিকরা যদি এই মহাসত্য অনুধাবনে ব্যর্থ হন তাহলে কালের মহাশূন্যে তারা একসময় হারিয়ে যাবেন। মানুষ তাকেই মনে রাখে যিনি বা যারা নিজের স্বার্থকে উপেক্ষা করে সকলের স্বার্থকে উর্দ্ধে তুলে ধরেন। দ্রুত অবসান ঘটুক রাজনীতির অপচরিত্রের।