বিশেষ প্রতিনিধি
কোন না কোন হাওরের বাঁধ ভাঙছে প্রতিদিনই । ডুবে যাচ্ছে একের পর এক হাওর। হাওরের রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন বাঁধের কাজ হয়নি ৫০ ভাগও। অসময়ে নির্মিত হয়েছে বাঁধ। বাঁধের নতুন মাটি বানের পানির ধাক্কা সামলাতে পারে নি। ভেঙে গেছে বড় বড় হাওরের বাঁধ। দায়িত্বশীল অনেকেরই দাবি বাঁধ রক্ষার নামে এবার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবার বাঁধ নির্মাণে বরাদ্দ ছিল বেশি। পাউবো’র তত্বাবধানে থাকা জেলার ৩৭ টি বাঁধে এবছর দরপত্রের মাধ্যমে কাজ করানোর জন্য ৩২ কোটি এবং পিআইসি (প্রজেক্ট ইম্পিøমেন্টেশন কমিটি)’র মাধ্যমে ১৫ কোটি টাকা বরাদ্দ ছিল। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা বলেছেন বেশিরভাগ টাকাই লুটপাট হয়েছে। বাঁধ ভেঙে বা বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ করে বড় বড় হাওরগুলোর অনেকগুলোই ডুবে গেছে। প্রায় ৩ হাজার টাকার বোরো ধানের বেশিরভাগেই পানির নিচে চলে গেছে।
সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজন ও কৃষকরা বলেছেন, জেলার শনি, নলুয়া, বরাম, পাকনা, হালি, চাপতি, চন্দ্র সোনারতালসহ বেশির ভাগ বাঁধেই ৫০ ভাগের বেশি কাজ হয়নি। যেটুকু হয়েছে, তাও হয়েছে অসময়ে। পাউবো’র পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অসত্য বলে দাবি করা হয়েছে।
নলুয়ার হাওরে এবার পাউবো’র হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ছিল ২ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে পিআইসি (প্রজেক্ট ইম্লিমেন্টেশন কমিটি)’র মাধ্যমে ৭৩ লাখ এবং দরপত্রের মাধ্যমে বাঁধ মেরামত ও নির্মাণের জন্য এক কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন,‘যে পরিমাণ বরাদ্দ ছিল, এর অর্ধেক টাকা ব্যয় করলেও কৃষকদের কপাল ভাঙতো না, যারা লুটপাট করেছে তাঁদের মুখে এখন হাসি, কিন্তু নলুয়ার হাওরের পাড়ের গ্রামগুলোতে কেবল হাহাকার, লুটেরাদের শাস্তি হওয়া উচিৎ’।
জামালগঞ্জ ও তাহিরপুর এই দুই উপজেলাজুড়ে শনির হাওর। এবার এই হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণের জন্য পিআইসির মাধ্যমে বরাদ্দ হয়েছে ৪১ লাখ টাকা এবং ঠিকাদারের মাধ্যমে ব্যয় হয়েছে এক কোটি ১০ লাখ টাকা।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমীন বলেন,‘শনির হাওরের বিভিন্ন বাঁধ মেরামত ও উন্নয়নে ৬০-৭০ লাখ টাকার বেশি ব্যয় হয়নি। বাকী টাকা কী হয়েছে জানি না’। তিনি হাওর রক্ষা বাঁধের গোড়া থেকে এস্কেভেটর দিয়ে মাটি তোলা বন্ধ করার দাবি জানিয়ে বলেন,‘এস্কেভেটরে এ্যাপ্রোচ হয় না, বাঁধের নিচেই খাল হয়ে যাওয়ায় সহজেই বাঁধ ভেঙে যায়।’
জামালগঞ্জের হালির হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণের জন্য পিআইসির মাধ্যমে ৬১ লাখ এবং ঠিকাদারের মাধ্যমে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
হাওরপাড়ের সাচনা গ্রামের কৃষক মনতোষ রায় বলেন,‘বাঁধ নির্মাণে এক কোটি টাকাও ব্যয় হয়নি, এখন আমাদের ফসল ডুবেছে, এই ক্ষতিপূরণ কে দেবে, ৪ হাল জমি চাষ করেছি, ২ হাল ডুবেছে, ২ হাল কেটে আনতে পেরেছি’।
এই উপজেলার পাকনার হাওরের বাঁধ মেরামত ও নির্মাণের জন্য পিআইসির মাধ্যমে ৭০ লাখ এবং ঠিকাদারের মাধ্যমে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ছিল।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, জামালগঞ্জের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন,‘পাকনার হাওরে ৫০ লাখ টাকার বেশি কাজ হয়েছে বললে হয় হাসতে না হয় কাঁদতে হবে’।
বরাম হাওর রক্ষা বাঁধ মেরামত ও ক্লোজার নির্মাণের জন্য এবার পিআইসি’র মাধ্যমে ৫২ লাখ এবং ঠিকাদারের মাধ্যমে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
হাওরপাড়ের উজানধলের কৃষক বাবুল মিয়া বলেন,‘বরাম হাওরে ৪৫ লাখ টাকার কাজও হয়নি। কাজ হলে তোফানখালি বাঁধ ভাঙার কথা নয়, যে টাকা বরাদ্দ ছিল, এর অর্ধেক টাকার কাজ হলেই বাঁধ ভাঙার কথা নয়’।
চাপতির হাওর রক্ষা বাঁধ মেরামত ও ক্লোজার ভরাটের জন্য পিআইসির মাধ্যমে ৫৩ লাখ টাকা এবং ঠিকাদারদের মাধ্যমে ৪৮ লাখ টাকা বরাদ্দ ছিল।
হাওরপাড়ের জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুবা মিয়া জানিয়েছেন, এই হাওরে ৬০ লাখ টাকার বেশি কাজ হয়নি।
কেবল এই হাওরগুলোই নয়, পাউবো’র তত্বাবধানে থাকা সব কয়টি হাওরেই বাঁধ দেবার নামে অর্ধেকেরও বেশি টাকা লুটপাট হয়েছে।
জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার বলেছেন,‘হাওর এলাকার একটি বাঁধেও স্বচ্ছতার সঙ্গে কাজ হয়নি’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সংবাদ সম্মেলন করে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন অবশ্য বলেছেন,‘বাঁধের কাজে কোন অনিয়ম হয়নি। দুটি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। এই দুটি’র একটি ভূমিকম্পে ধ্বস নেমেছিল, পিআইসি’র কমিটি পেতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হলেও তাগাদা দিয়ে আমরা সঠিক সময়ে কাজ শেষ করেছি। নলুয়ার হাওর জলাবদ্ধতায় এবং আফরবাঁধ ডুবে পানি ঢুকেছে, অন্য হাওরগুলোতেও পানি ঢুকেছে ডুবন্ত বাঁধের বিপদসীমার উপরে পানির প্রবাহ থাকায়’।