- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজাকারের পুতেরে ডরায় না আলাউদ্দিন

হিরন্ময় রায়
বেশি মাতে যে আলাই—-
হাওড়ে হাওড়ে দাপিয়ে বেড়ানো
এক গেরিলা গণযোদ্ধা আলাউদ্দিন।
যার রাইফেলের অব্যর্থ নিশানায়
পবিত্র ভুমি নাপাক করতে আসা খান সেনাদের লাশ
হাওড় থেকে নদী হয়ে জাহান্নামের আগুনে ভেসে যেত
স্বাধীন দেশে আজ তাঁর পরিচয়-
বেশি মাতে যে আলাই!
আলাউদ্দিনের জীবন রসে সিঞ্চিত
সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ-ধর্মপাশা হতে তাহিরপুর।
এই পবিত্র স্বদেশে আজ
নেকড়েদের মুত্র গন্ধে মালিকানার অদলবদল।
অনাবাদী থেকে আবাদী ক্ষেত
জলাভূমি থেকে হিদুঁর ভিট
মালিকানা বদল হয় রক্ত রাঙা ভ্রুকুটিতে-
স্বাধীন সূর্যের নীচে ধর্ষিত হয় সবুজ ভূমি।
নিঃশ্বাস নিতে হাসফাস করা ফুসফুস ঠেসে ধরে
গেরিলা আলাউদ্দিন গর্জে উঠে-
“রাজাকারের পুতেরে আমি ডরাই না।”
রাজাকারের সদম্ভ পদভারে –
কাঁপে আলাউদ্দিনের ছনের কুটির।
ঘরের উনুন থেকে সদরে
খেউড়ি থেকে দেউড়ি –
বাতাস আর নেড়িদের অবারিত আনাগোনা।
দালালের পুতের দালানকোঠা
প্রলম্বিত হয়ে- বিবর্তিত হয়ে
অখ্যাত গঞ্জ থেকে
নগরের প্রাসাদে।
আলাউদ্দিন রাইফেল ধরা দুহাতে –
ঠেলা ঠেলে,
মহাজনের আড়তে বস্তার সাড়ি গড়ে।
রাজাকারের পাছায় প্রশাসনের রিভলভিং চেয়ার
স্বাধীন দেশের স্বাধীন মানুষ নতজানু হয়ে
ব্যতিব্যস্ত কুর্ণিশে।
বেয়াড়া গেরিলা আলাউদ্দিন গর্জে উঠে-
“আমি ইতারে ডরাই না?”
আলাউদ্দিনের ভাঙাচোরা ঘর
সুদৃশ্য গম্বুজের কালো ছায়ায় হারিয়ে যায়।
আমরা হারাই বায়ান্ন, একাত্তর………
নপুংসক নগরে মৃত আলাউদ্দিন হেঁকে বেড়ায়
“রাজাকারের পুতেরে আমি ডরাই না।”
ঐ বেশি মাতে যে আলাই!

  • [১]